সুনামগঞ্জে এক আদিবাসীর বাড়ি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা গ্রামে এক আদিবাসী পরিবারের বাড়ি দখল করে অন্য এক ব্যক্তি ঘর তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের একটি দোকানঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে। পৌল সাংমা নামের ওই আদিববাসী পরিবার নিয়ে সুনামগঞ্জ শহরতলীর ইব্রাহিমপুর গ্রামে এসে আশ্রয় নিয়েছেন।সুনামগঞ্জ সদর উপজেলা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি পৌল সাংমা জানান, নারায়ণতলা গ্রামে তাঁরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এ বছরের ২৬ জানুয়ারি তাঁর স্ত্রী ক্লারা দিও নিজের বাড়ির ১৫ শতক জায়গা পার্শ্ববর্তী গোদিগাঁও (কোনাপাড়া) গ্রামের সফর আলীর কাছে বিক্রি করেন। পরে ২০ এপ্রিল সফর আলী টাকা ফেরত নিয়ে ওই জায়গা আবার ক্লারা দিওকে ফিরিয়ে দিতে বায়নাপত্র করেন। কিন্তু জায়গা দলিল করে না দিয়ে ২৫ জুলাই সকালে সফর আলী তাঁর লোকজন নিয়ে ওই জায়গায় টিন দিয়ে ঘর তৈরির কাজ শুরু করেন। এ সময় বাধা দেওয়া হলেও কোনো কাজ হয়নি। পরে পৌল সাংমা থানায় অভিযোগ করলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কাজ বন্ধ করে চলে আসার পর সফর আলী ঘরের বাকি কাজ করে ফেলেন। পরে গত ২৯ জুলাই গভীর রাতে পৌল সাংমার দোকানে আগুন দেওয়া হয়। এরপর অব্যাহত হুমকির মুখে তিনি বাড়ি ছেড়ে শহরতলীর ইব্রাহিমপুর গ্রামে এসে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।সরেজমিনে গেলে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুকসেদ আলী বলেন, ‘ঘর তোলার সময় সফর আলীকে আমরা বাধা দিয়ে বলেছিলাম, সবাই মিলে বসে বিষয়টি দেখে দিব, কিন্তু তাতে সে রাজি হয়নি।’পৌল সাংমা বলেন, ‘সফর আলী আমার কমলার বাগানসহ বাড়ি দখল করে নিয়েছে। দখলবাজিতে সহযোগিতা করেছে চঞ্চলার পরিবার। এখন আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমি প্রাণভয়ে গ্রাম ছেড়ে চলে এসেছি।’দখলসহ সব অভিযোগ অস্বীকার করেছেন সফর আলী। তিনি দাবি করেছেন, ক্লারা দিওর বাড়িতে তাঁর কিছু জায়গা আছে।সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘ওই জায়গায় কোনো কিছু না করতে দুই পক্ষকেই নিষেধ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’