সুনামগঞ্জে এক মাসে ২৩ জন কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের হাওর এলাকায় বজ্রপাতে গত এক মাসে ২৩ জন কৃষক নিহত হয়েছেন। হাওরে ধান কাটা অথবা বাড়ি ফেরার পথে তাঁরা মারা যান। এ সময় আহত হয়েছেন অনন্ত ৩০ জন।
সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। হাওরপারের কৃষকেরা বলছেন, এর আগে হাওর এলাকায় ধান তোলার সময় বজ্রপাতে এত লোক মারা যায়নি। যে কারণে সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাধ্য হয়ে ফসল তোলার কাজটি ঝুঁকি নিয়ে করতে হচ্ছে তাঁদের।
পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ৭ মে পর্যন্ত বজ্রপাতে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক নারীও আছেন। তিনি বাড়ির পাশে ধান তোলার কাজে থাকার সময় বজ্রপাতে মারা যান। অন্যদের প্রায় সবাই কৃষক। কেউ হাওরে ধান কাটার সময়, কেউ হাওর থেকে বাড়ি ফেরার পথে আবার কেউ ধান মাড়াইয়ের কাজে থাকার সময় বজ্রপাতে মারা যান। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিরাই উপজেলায়। এ উপজেলায় মারা গেছেন সাতজন। এ ছাড়া তাহিরপুর উপজেলায় ছয়জন, সদর উপজেলায় দুজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুজন, ধরমপাশা উপজেলায় দুজন, জামালগঞ্জ উপজেলায় দুজন, শাল্লা ও ছাতক উপজেলায় একজন করে মারা গেছেন। ওই সময়ে বিভিন্ন এলাকায় আহত হন অন্তত ৩০ জন।
গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের পাশের হাওরে কাজ করার সময় আবদুল জলিল (৪৫) নামের এক কৃষক মারা যান। এ ছাড়া সদর উপজেলার কাঠইর ইউনিয়নের উলুতুল নোয়াগাঁও গ্রামের ১০ জন কৃষক আহত হন।
২ মে বজ্রপাতে দিরাই উপজেলায় তিনজন, তাহিরপুরে একজন ও ধরমপাশায় একজন মারা যান। ২১ এপ্রিল সদর উপজেলার একজন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়। ১৮ এপ্রিল হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয় সদর উপজেলার পাঠানবাড়ি এলাকার এক কৃষকের।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, যাঁরা মারা গেছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ১৫ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, সুনামগঞ্জে ভৌগোলিক অবস্থানগত কারণে মার্চ থেকে মে মাস পর্যন্ত বজ্রপাত একটু বেশি হয়। কারণ, সুনামগঞ্জ নিচু এলাকা, আর এর উত্তরে পাহাড়। বজ্রপাতের আগে যখন আলোর ঝলকানি দেখা যায়, তখন কেউ হাওরে থাকলে তাঁকে সে স্থানে বসে পড়তে হবে। অথবা নৌকা থাকলে নৌকার মাঝখানে অবস্থান নিতে হবে। আবার তাঁর উচ্চতা থেকে আর কিছু উঁচু স্থাপনার নিচেও অবস্থান নেওয়া যেতে পারে। তবে কোনোভাবেই গাছের নিচে অবস্থান নেওয়া কিংবা মাটিতে শোয়া যাবে না।