সুনামগঞ্জে এমআর পাসপোর্টের সুযোগ নেই, জনগণের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগের অন্য তিন জেলায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন গ্রহণ ও ইস্যুর সুযোগ থাকলেও প্রবাসী-অধ্যুষিত সুনামগঞ্জ জেলার লোকজন সেই সুযোগ থেকে বঞ্চিত।জেলায় মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ ও ইস্যু না করায় সিলেটে গিয়ে আবেদন জমা, ছবি তোলা ও পাসপোর্ট আনায় জেলাবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এর পরও নির্ধারিত সময়ে পাসপোর্ট পাওয়া যায় না। এ জন্য দালালদের দ্বারস্থ হতে হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জুন থেকে সুনামগঞ্জে পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়। চলে ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত। তখন কোনো ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে পাসপোর্ট হাতে পেত লোকজন। এতে সময় ও অর্থ দুই-ই কম লাগত। এ সময়ের মধ্যে সুনামগঞ্জে শুধু পাসপোর্ট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০টি পাসপোর্টের আবেদন জমা নেওয়া হতো। বন্ধ হওয়ার আগে সর্বশেষ ২০০১ সালের মার্চে এখান থেকে সাধারণ ২০৩টি এবং জরুরি ৩০৯টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এর পরও সুনামগঞ্জে এমআর পাসপোর্টের আবেদন গ্রহণের সুযোগ রাখা হয়নি।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সুনামগঞ্জে সিলেট বিভাগের সবচেয়ে বেশি প্রবাসী থাকায় পাসপোর্টের আবেদন এখানে বেশি পড়ে। অথচ এমআর পাসপোর্ট চালু হওয়ার পর এখানে সে সুযোগ রাখা হয়নি। বর্তমানে শুধু সাধারণ পাসপোর্ট নবায়নের আবেদন রাখা হয়। এমআর পাসপোর্টের ক্ষেত্রেও নবায়নের আবেদন করতে হয় সিলেটে গিয়ে। নতুন পাসপোর্ট করতে প্রথম দিন সিলেটে গিয়ে শুধু আবেদন জমা দিতে হয়। পরে আরেক দিন যেতে হয় ছবি তুলতে। এরপর আরেকবার যেতে হয় নতুন পাসপোর্ট আনতে। কিন্তু এই তিন দিনেও কাজ শেষ হয় না।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আবু নাসের জানান, সুনামগঞ্জে ১১টি উপজেলা। এখানে প্রবাসীর সংখ্যা বেশি। প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজনকে প্রথমে জেলা শহরে এসে পরে আবার সিলেটে যাওয়া একটা মহা ভোগান্তির ব্যাপার। এর পরও নির্ধারিত দিনে পাসপোর্ট আনতে গেলে বলা হয়, পুলিশ সনদ আসেনি। রয়েছে দালাল চক্রের ঝামেলা। তিনি আরও জানান, সুনামগঞ্জে অবশ্যই এমআর পাসপোর্টের আবেদন গ্রহণ ও ইস্যুর সুযোগ দেওয়া দরকার।জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, ‘আমার জানামতে, আবেদন জমা, ছবি তোলা কিংবা পাসপোর্ট আনার জন্য সুনামগঞ্জ থেকে সেখানে গিয়ে সকালে লম্বা লাইনে দাঁড়াতে হয়। এক দিনের কাজ করতে দু-তিন দিন সময় লাগে। এতে অর্থের পাশাপাশি অন্য ভোগান্তি তো আছেই। আমার বিস্ময় লাগে, সিলেট বিভাগের অন্য জেলাগুলোয় যেহেতু এ সুযোগ আছে, সুনামগঞ্জে কেন রাখা হয়নি?’নাম প্রকাশ না করার শর্তে সুনামগঞ্জের একটি ট্রাভেল এজেন্সির মালিক বলেন, সুনামগঞ্জে এটা চালু না হওয়ার পেছনে সিলেট পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা ও একটি দালাল চক্র জড়িত। এখান থেকে এমআর পাসপোর্ট দেওয়া হলে সেখানে তাদের পাসপোর্ট-বাণিজ্যে ভাটা পড়বে। অথচ সিলেট বিভাগের সবচেয়ে বেশি পাসপোর্ট হয় সুনামগঞ্জে।জেলা পাসপোর্ট কার্যালয়ের উচ্চমান সহকারী সজল দত্ত জানান, জেলায় এমআর পাসপোর্টের প্রচুর চাহিদা রয়েছে। লোকজন দূর-দূরান্ত থেকে এখনো পাসপোর্ট করার জন্য সুনামগঞ্জ শহরে আসে। পরে তাদের পাঠানো হয় সিলেটে। তিনি আরও জানান, সুনামগঞ্জে এমআর পাসপোর্টের কার্যক্রম শুরুর বিষয়ে দুই মাস আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা চিঠি দেওয়ার পর বলা হয়েছিল, জায়গা লাগবে। এখন জায়গার ব্যবস্থা হয়েছে। আমরা কাজ শুরু করতে চাই। কিন্তু এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে রকম কিছু আমাদের জানায়নি।’