সুনামগঞ্জে করিম-হাসন রাধারমণ লোক উত্সব প্রতিরোধের হুমকি
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মভূমি সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ‘করিম-হাসন-রাধারমণ লোক উত্সব’ প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’ নামের একটি সংগঠন।জানা গেছে, ২৯ থেকে ৩১ জানুয়ারি উপজেলা সদরের বিএডিসি মাঠে বাউলসম্রাট শাহ আবদুল করিম, মরমি সাধক হাসন রাজা ও রাধারমণ দত্ত স্মরণে এই লোক উত্সব হওয়ার কথা। এ উত্সবের বিরোধিতা করে গত শুক্রবার উপজেলা সদরে সমাবেশ করে অপর একটি পক্ষ ‘ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র ব্যানারে উত্সব প্রতিরোধের ঘোষণা দেয়। আজ সোমবার বিকেলে উত্সব বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।উত্সব আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এ উত্সবে সাংসদ মমতাজ, ফকির আলমগীর, বারী সিদ্দিকীসহ দেশের প্রখ্যাত বাউলশিল্পীদের উপস্থিত থাকার কথা। এ জন্য গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উত্সবের প্রস্তুতি সভা হয়। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল হকের সভাপতিত্বে সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, সাংসদ এম এ মান্নান, সাংসদ মুহিবুর রহমান, সাংসদ মোয়াজ্জেম হোসেন, দিরাই উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দিরাই উপজেলার পরিষদের চেয়ারম্যানকে আহ্বায়ক এবং সুনামগঞ্জের বর্তমান ও সাবেক ছয় সাংসদকে উপদেষ্টা করে লোক উত্সব উদ্যাপন কমিটি গঠন করা হয়।সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শাহ আবদুল করিম, হাসন রাজা ও রাধারমণ দত্ত আমাদের গর্ব। তাঁদের স্মৃতি ধরে রাখতে রাজনীতির ঊর্ধ্বে উঠে এ লোক উত্সবের আয়োজন করা হয়েছে। উত্সব সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’