সুনামগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জ শহরের পৌর কলেজের এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্তের প্রতিবাদে গতকাল সোমবার ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় একটি পত্রিকার পাঠক ফোরামের সদস্যরা মানববন্ধন করেছেন। শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা জানায়, কলেজ থেকে ফেরার পথে শহরতলির গুদারগাঁও নামক স্থানে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে সোবহান নামের এক বখাটে। গত বৃহস্পতিবার কলেজ থেকে ফেরার পথে তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে সোবহান। পরে মেয়েটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় ছেলেটি পালিয়ে যায়। ঘটনার পর মেয়েটি থানায় অভিযোগ দায়ের করেছে। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সাপ্তাহিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেনরায়, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, পৌর কলেজের শিক্ষার্থী আবদুস শহীদ, হাবিবা আক্তার প্রমুখ। বক্তারা অবিলম্বে ওই বখাটেকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।ঘটনার ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, গত রোববার মেয়েটি অভিযোগ দায়ের করেছে। বখাটে ছেলেটিকে ধরার চেষ্টা চলছে।