সুনামগঞ্জে কারা উপাধ্যক্ষসহ তিনজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে সুনামগঞ্জ জেলা কারাগারের উপাধ্যক্ষ আবদুস সোবহানসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারের তত্ত্বাবধায়ক আজিজুল ইসলাম গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া কারা মহাপরিদর্শক (সিলেট বিভাগ) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের একটি কমিটি কারা কর্তৃপক্ষের ‘ভুলে’ আসামি ছেড়ে দেওয়ার ঘটনাটি তদন্ত করছে বলে আজিজুল ইসলাম জানান।
বরখাস্ত হওয়া অন্য দুজন হলেন কারারক্ষী শামসুজ্জামান ও জিয়া উদ্দিন। গত ২৫ অক্টোবর ভোররাতে পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলার পাপলু (১৯), রুমেন (২০) ও তারেককে (১৮) আটক করে। তাঁদের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ আছে। এরপর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। পুলিশ ওই দিনই আদালতে হাজির করে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত ২৮ অক্টোবর শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠিয়ে দেন। কিন্তু ২৭ অক্টোবর সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেয় কারা কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ তখন বলেছিল, আদালতের আদেশের হাজিরানামাকে ভুলে জামিননামা মনে করে আসামিদের ছেড়ে দেওয়া হয়।
কারা তত্ত্বাবধায়ক আজিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য ২৯ অক্টোবর ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়।