সুনামগঞ্জে কার্ড পেয়েও সহায়তা না পাওয়ায় বিক্ষোভ
সুনামগঞ্জ সদর উপজেলার চার শতাধিক কৃষক কৃষি উপকরণ-সহায়তা কার্ড পেলেও কোনো সহায়তা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তাঁরা গতকাল রোববার জেলা শহরে বিক্ষোভ করেছেন এবং জেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।কৃষক সূত্রে জানা যায়, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরানলক্ষ্মণশ্রী, জাগাইরগাঁও, উসুনপুর, টুকেরঘাট ও রামনগর গ্রামের কৃষকদের কৃষি উপকরণ সহায়তার জন্য কার্ড দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের কোনো সহায়তা দেওয়া হয়নি। এ কারণে এই পাঁচ গ্রামের কৃষকেরা গতকাল জেলা শহরে এসে বিক্ষোভ মিছিল করে জেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।পুরানলক্ষ্মণশ্রী গ্রামের কৃষক আকিল মিয়া ও আবদুল জলিল জানান, কৃষি উপকরণ-সহায়তার জন্য তাঁরা প্রতিটি ব্যাংকে হিসাব খুলেছেন। কিন্তু ব্যাংকে যাওয়ার পর বলা হয়েছে তাঁদের নামে সহায়তার অর্থ আসেনি।জাগাইরগাঁও গ্রামের কৃষক গোলাম কিবরিয়া অভিযোগ করেন, তাঁরা ছবি তুলেছেন। ব্যাংকে হিসাব খুলেছেন। কিন্তু সহায়তা পাননি।সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান জানান, তাঁর কাছেও কৃষকেরা এসে এ ব্যাপারে অভিযোগ করেছেন। তিনি বলেন, যদি সহায়তা না দেওয়া হয় তাহলে কেন কার্ড দেওয়া হলো, ব্যাংকে হিসাব খুলতে বলা হলো, তা কৃষি বিভাগের কাছে জানতে চাওয়া হবে।জেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, কেন এই কৃষকেরা সহায়তা পাননি, সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে। তবে যাঁদের কার্ড দেওয়া হয়েছে, তাঁরা কোনো না কোনোভাবে সরকারের তরফ থেকে সহায়তা পাবেন।