সুনামগঞ্জে কার্যালয় দখলমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় দখলমুক্ত করার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ দখলকারীকে উচ্ছেদ না করলে জেলা প্রশাসনের বিজয় দিবসের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা। বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, ডেপুটি কমান্ডার আবু সুফিয়ানসহ চার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, সুনামগঞ্জ শহরের মেজর ইকবাল রোডে মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড কার্যালয়টি দীর্ঘদিন ধরে আবদুল হাসিম নামের এক ব্যক্তি দখল করে রেখেছেন। কার্যালয়ের সামনের সাতটি দোকানঘর তিনি ভাড়া দিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন জেলা প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও ওই দখলদারকে উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান।সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ বলেন, ‘আবদুল হাসিম সদর উপজেলা কমান্ডের কার্যালয়সহ মুক্তিযোদ্ধাদের কোটি টাকার সম্পদ দখল করে রেখেছেন। তাঁকে উচ্ছেদ না করলে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করবেন।’আবদুল হাসিম বলেন, ‘তাঁরা (মুক্তিযোদ্ধারা) এই জায়গার খাজনা না দিতে পারায় আমি ১২ শতক জায়গা সরকারের কাছ থেকে বন্দোবস্ত এনেছি। এ জন্য সরকারকে খাজনা দেওয়া হয়েছে। আমি দখল করিনি, বন্দোবস্ত নিয়েছি।’ এখানে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থাকার বিষয়টি তিনি স্বীকার করেন।