সুনামগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ, বাবার দাবি আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রাম থেকে গত বুধবার মোজাম্মেল হোসেন (১৩) নামের এক কিশোরের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।সে ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, স্কুলের বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করেছে।পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোজাম্মেল অকৃতকার্য হয়।বাবা মিজানুর রহমান বলেন, ‘পরীক্ষার ফল জানার পর বাড়ি ফিরে শাহীন কান্নাকাটি শুরু করে। অনেক বুঝিয়েও আমরা তাকে শান্ত করতে পারিনি। তবে সে যে এমন অঘটন ঘটাবে তা ভাবিনি।’ তাঁর ভাষ্যমতে, বিকেলে বাড়ি থেকে বের হয়ে শাহীন গ্রামের পাশে তাঁদের চায়ের দোকানে যায়। তিনি তাকে দোকানে বসিয়ে বাড়ি ফেরেন। সন্ধ্যার পর দোকানে গিয়ে এটি বন্ধ পান। এরপর খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে দোকানের দরজার ফাঁক দিয়ে দেখেন, ভেতরে বাঁশের আড়ার সঙ্গে শাহীন ঝুলে আছে। দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুনুর রশীদ জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শাহীনের বাবার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার তার লাশ দাফন করা হয়েছে।