সুনামগঞ্জে কীর্তন অনুষ্ঠানে হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামে হামলা চালিয়ে কীর্তন অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে একদল সন্ত্রাসী। এতে ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো সোমবার সকাল থেকে হরিনগর গ্রামের কালীমন্দিরে দুই দিনব্যাপী হরিনাম সংকীর্তন শুরু হয়। কীর্তন চলাকালে সোমবার গভীর রাতে মদ্যপ অবস্থায় কয়েকজন সন্ত্রাসী মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে কীর্তনমঞ্চে ওঠে ভাঙচুর ও উপস্থিত ভক্তদের অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। একপর্যায়ে তারা লোকজনকে মারধর শুরু করলে কীর্তন পণ্ড হয়ে যায়। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহত আবু বক্কর, বিকুল দাস, অমল দাস, মুকুল দাস ও ঝুনু দাসকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে গ্রামবাসী শহরে এসে বিক্ষোভ মিছিল করে। পরে জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান ও পুলিশ সুপার মো. গোলাম কিবরিয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, কীর্তন উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র কুমার দাস বাদী হয়ে আবুল হোসেন, আবু বক্কর ও মোস্তফা মিয়াকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।