সুনামগঞ্জে কৃষকনেতারা রাজপথে
সুনামগঞ্জে সাত দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার সদস্যরা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুরে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জেলা কৃষক সমিতির আহ্বায়ক রহমান মিজান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অজিত লাল রায়, দিরাই উপজেলা কৃষক সমিতির আহ্বায়ক দেবব্রত চৌধুরী, জেলা সংগঠক নিখিল তালুকদার, নরেন ভট্টাচার্য্য, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। কৃষকনেতা রহমান মিজান জানান, তাঁদের সাত দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—গ্রামে গ্রামে কৃষিপণ্যের সরকারি বিক্রয়কেন্দ্র স্থাপন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজে অনিয়ম বন্ধ ও দ্রুত কাজ শেষ করা ইত্যাদি। অবিলম্বে এসব দাবি মানা না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও জানান, আঞ্চলিক মহাসড়কে কর্মসূচি পালনের সময় অংশগ্রহণকারীরা এমনভাবে অবস্থান নেন, যাতে যানবাহনের চলাচলে কোনো সমস্যা না হয়। কাজেই ওই সময় সড়কে যান চলাচল অব্যাহত ছিল।