সুনামগঞ্জে কেটে ফেলা হচ্ছে ১৬৫টি গাছ
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকায় জালালাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের (সরবরাহ) প্রাঙ্গণটি ছিল ছোট-বড় গাছে ভরা। কিন্তু বড় গাছের কারণে ছোট গাছ বাড়ছে না—এই অজুহাতে কর্তৃপক্ষ বিভিন্ন জাতের ১৬৫টি বড় গাছ বিক্রি করে দিয়েছে। ক্রেতারা গত এক সপ্তাহে প্রায় ৭০টি গাছ কেটে নিয়েছেন। বাকিগুলো প্রতিদিন কাটা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে মেহগনি, কড়ই, রেইনট্রি, কদমসহ বিভিন্ন প্রজাতির অনেক গাছ রোপণ করেছিলেন কার্যালয়েরই এক বৃক্ষপ্রেমী কর্মকর্তা। তিনি যত দিন ছিলেন তত দিন গাছগুলোর যত্নআত্তি করেছেন। গাছগুলো এখন বড় হয়েছে। আছে জাম ও বরইসহ কিছু ছোট গাছও। বড় গাছগুলো বিক্রির অনুমতি চেয়ে মাস তিনেক আগে সুনামগঞ্জ কার্যালয় থেকে সিলেটে অবস্থিত জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের অনুমোদন চাওয়া হয়। আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, ‘বড় গাছের কারণে ছোট গাছ বাড়ছে না।’ প্রধান কার্যালয় বিষয়টি অনুমোদন দেয় এবং সুনামগঞ্জ কার্যালয়কে ব্যবস্থা নিতে বলে। সুনামগঞ্জ কার্যালয় জেলা বন বিভাগের মাধ্যমে ১৬৫টি বড় গাছের মূল্য নির্ধারণ করে। এরপর দরপত্র আহ্বান করা হয়। নিলামে সিলেটের এক ব্যক্তি প্রায় পাঁচ লাখ টাকায় গাছগুলো কিনে নেন। পরে তিনি সুনামগঞ্জের কয়েকজনের কাছে মোটা অঙ্কের টাকায় দ্বিতীয় দফায় গাছগুলো বিক্রি করেন।সুনামগঞ্জের ক্রেতাদের একজন হলেন সাবেক পৌর কাউন্সিলর ছগির আহমদ। তিনি গত রোববার জানান, এ পর্যন্ত ৭০টির মতো গাছ কাটা হয়েছে। গাছ কাটার কাজে থাকা শ্রমিকেরা জানান, প্রায় ১০ লাখ টাকায় দ্বিতীয় দফায় গাছগুলো কেনা হয়েছে।জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমান ব্যবস্থাপক মো. ফজলুল হক যোগ দেওয়ার পর থেকে গাছগুলো বিক্রির চেষ্টা শুরু করেন। তিনিই প্রধান কার্যালয়ের সঙ্গে বিষয়টির সমন্বয় করেন বলে জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আসলে গাছ বিক্রির সঙ্গে বর্তমান ব্যবস্থাপকসহ একটি চক্র জড়িত। এখানে তাঁদের ব্যক্তিগত স্বার্থ জড়িত আছে।’সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের (সুপা) সাধারণ সম্পাদক আইনজীবী মলয় চক্রবর্তী বলেন, ‘এটা কোনো যুক্তি হতে পারে না। আমরা শুনে বিস্মিত হয়েছি। আমরা চাই গাছ কাটা বন্ধ করা হোক।’গত রোববার সকালে গিয়ে ব্যবস্থাপক মো. ফজলুল হককে কার্যালয়ে পাওয়া যায়নি। সিলেটের প্রধান কার্যালয় থেকে মুঠোফোনে তিনি জানান, ‘সব নিয়ম মেনেই গাছ কাটা হচ্ছে। গাছগুলোর বয়স হয়েছে। তা ছাড়া বড় গাছের কারণে ছোট গাছ বাড়তে পারছে না। এটাই বড় সমস্যা।’ ফজলুল হক আরও বলেন, ‘আমরা বন বিভাগের অনুমতি নিয়ে গাছ বিক্রি করেছি। এখানে আমার ব্যক্তিগত লাভ-লোকসানের কিছু নেই।’