সুনামগঞ্জে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কোটি টাকার জমি দখলের পাঁয়তারা
সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ৫৩ শতক জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কে বা কারা ওই জমিতে থাকা ব্যাংকের নামফলক ও নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলেছে। রাতেই ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে থানায় জানানো হয়েছে।বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় সমবায় ব্যাংক সুনামগঞ্জের প্রিন্সিপাল অফিসার হিরণ্ময় রায় সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালে ব্যাংকের প্রয়োজনেই শহরের হাজিপাড়া এলাকায় শামসুজ্জামান খানের কাছ থেকে ৫৩ শতক জমি কেনা হয়। শামসুজ্জামানের আগে এই জমির মালিক ছিলেন প্যারী মোহন দাস। এর পর থেকে ব্যাংকই জমির ভোগদখলে রয়েছে। জমির পূর্ব পাশে ব্যাংকের পক্ষ থেকে দেয়াল এবং পশ্চিম পাশে পাকা লিন্টেল দেওয়া হয়েছে। জমিতে ৩০ বছর ধরে ব্যাংকের নামে একটি নামফলক আছে। গত বছর ব্যাংকের একটি নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকারদলীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কে বা কারা ওই নামফলক ও ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলে। এরপর বিষয়টি লিখিতভাবে থানায় জানালে পুলিশ গিয়ে কাউকে পায়নি।হিরণ্ময় রায় জানান, গতকাল শুক্রবার সকালে তাঁরা আবার জমিতে ব্যাংকের নতুন সাইনবোর্ড লাগাতে গেলে প্রতিবেশী বদরুল হুদা মুকুল তাঁদের বাধা দিয়ে জানান, এই জমির মালিক ব্যাংক নয়, অন্য একজন। ওই মালিকের কাছ থেকে তিনি জমিটি কেনার জন্য আলোচনা করছেন। আপাতত তাঁরা যেন কোনো সাইনবোর্ড না লাগান। পরে অবশ্য তিনি সাইনবোর্ড লাগাতে দিয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, ব্যাংকের কর্মকর্তারা জমিতে নতুন একটি সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু নামফলক ও ভিত্তিপ্রস্তরটি ভাঙা। এগুলোর নিচের অংশ মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত থাকা বদরুল হুদা জানান, এই জমি ব্যাংকের—এ বিষয়টি একসময় তাঁরাও জানতেন। কিন্তু এখন জানেন, জমির প্রকৃত মালিক প্যারী মোহন দাসের কাছ থেকে ১৯৬১ সালে রফিকুল বারী নামের অন্য একজন কিনেছেন। বদরুল হুদা বলেন, ‘আমি কাউকে বাধা দিইনি। শুধু বলেছি, যেহেতু জমি নিয়ে সমস্যা আছে, তাঁরা যেন আপাতত সাইনবোর্ড না লাগান। পরে অবশ্য তাঁরা সাইনবোর্ড টাঙিয়েছেন।’ তিনি বলেন, আসলে এই জমিটি কেনার ক্ষেত্রে ব্যাংক প্রতারিত হয়েছে।ব্যাংকের পরিচালকদের একজন শহরের আরপিননগর এলাকার বাসিন্দা আইনজীবী মাহবুবুল হাসান বলেন, ‘৪০ বছর কোনো সমস্যা হয়নি। এখন এই জমির দাম হবে তিন কোটি টাকা। তাই একটি ভূমিখেকো চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে দখলের পাঁয়তারা করছে।’ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিরণ্ময় রায় প্রথম আলোকে বলেন, এই জমির সব খাজনা হালনাগাদ পর্যন্ত দেওয়া আছে। হঠাৎ করেই মূল্যবান এই জমিটি দখলের অপচেষ্টা হচ্ছে। তিনি জানান, এই ব্যাংকের সঙ্গে জেলার বিভিন্ন পেশার এক লাখ ২০ হাজার মানুষ নানাভাবে জড়িত।