সুনামগঞ্জে খোলাবাজারে চাল কিনতে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুই দিন আইয়া খালি হাতে ফিইরা গেছি, চাউল কিনতাম পারছি না। আজকুও কিনতাম পারমু কি না বুঝতাম পাররাম না। দুই দিনে আইতে-যাইতে খরচ অইছে ৬০ টাকা। ইলা অইলে আমরা বাঁচতাম কিলা।’ 

খোলাবাজারে চাল বিক্রির কেন্দ্রের সামনে সারিতে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন জাহেদা বেগম (৩৮)। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে তাঁর বাড়ি। উপজেলা শহরের লেগুনাস্ট্যান্ডের পাশে একটি চাল বিক্রির কেন্দ্রে আজ রোববার সকাল নয়টায় কথা হয় তাঁর সঙ্গে।
শুধু জাহেদা বেগম একা নন, একইভাবে ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়েও চাল পাচ্ছে না দরিদ্র মানুষেরা। দিন যতই যাচ্ছে, খোলাবাজারে চাল বিক্রির কেন্দ্রে মানুষের ভিড় বাড়ছে। চালের জন্য রীতিমতো শুরু হয়েছে মানুষের কাড়াকাড়ি। সারিতে নারী-পুরুষের সঙ্গে রয়েছে শিশুরাও।
সুনামগঞ্জে হাওরে ফসলহানির পর ১০ এপ্রিল থেকে খোলাবাজারে চাল বিক্রির কর্মসূচি শুরু হয়েছে। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। প্রতিদিন একজনের কাছে পাঁচ কেজি করে চাল বিক্রি করা হয়। কিন্তু বিক্রয়কেন্দ্র কম থাকায় মানুষকে ফিরতে হচ্ছে খালি হাতে। সরকারি হিসাবে, অসময় ফসল হারিয়ে জেলার প্রায় তিন লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৬৯টি বিক্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি উপজেলা সদরে তিনটি করে ৩৩টি এবং জেলার চারটি পৌরসভায় আরও নয়টি করে আরও ৩৬টি বিক্রয় কেন্দ্র রয়েছে।
বিশ্বম্ভরপুরের ওই কেন্দ্রে চাল কিনতে আসা স্থানীয় মল্লিকপুর গ্রামের বাসিন্দা মতছির আলী, রায়পুর গ্রামের জালাল উদ্দিন জানান, প্রতিদিন একজন ডিলার চাল বিক্রি করে মাত্র এক হাজার কেজি। এতে চাল পায় ২০০ জন। কিন্তু চালের জন্য ভোররাত থেকে এসে হাজার মানুষ লাইনে দাঁড়ায়। চাল না পেয়ে অনেকেই ফিরে যায়। অনেকেই কান্নাকাটি করে। জালাল উদ্দিন বলেন, ‘এখন তো মাত্র শুরু অইছে, মাস খানেক গেলে পরিস্থিতি আরও খাবার অইব।’
উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, ‘আমরা শুরু থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র খোলার জন্য দাবি জানাচ্ছি। এটা করা না হলে কোনো লাভ হবে না। একই সঙ্গে চালের পরিমাণ বাড়াতে হবে।’
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ বলেছেন, ফসল হারিয়ে অনেক সচ্ছল কৃষকের অবস্থাও এখন খুব খারাপ। অনেকেই সামাজিক অবস্থা চিন্তা করে লাইনে এসে দাঁড়াতে পারছে না। যদি বাড়ির কাছে কেন্দ্র হয়, তাহলে কোনো না কোনোভাবে তাঁরাও এই চাল সংগ্রহ করতে পারতেন। গ্রাম পর্যায়ে দ্রুত বিক্রয়কেন্দ্রে চালু করতে হবে।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘মানুষজন বিক্রয়কেন্দ্র বাড়ানোর যে দাবি করছেন, সেটি যৌক্তিক। আমরা সেই চেষ্টা করছি। আশা করি, দু-এক দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।’
জেলা প্রশাসক জানান, সুনামগঞ্জের ফসলহারা মানুষের জন্য শুধু যে খোলাবাজারে কম দামে চাল বিক্রি হচ্ছে, সেটা নয়। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সরকারি সহায়তা হিসেবে ৪৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জে বর্তমানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বর্তমানে ৯১ হাজার ৯৫০টি পরিবার ১০ টাকা কেজি মূল্যের চাল কিনতে পারে। এটি এ মাসেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুনামগঞ্জে এ কর্মসূচি আগামী বোরো ফসল তোলার আগ পর্যন্ত চালিয়ে যাওয়া এবং পরিবারের সংখ্যা তিন গুণ করার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে দুই লাখ পরিবার ভিডিএফ পাচ্ছে, সেটিও অব্যাহত থাকবে।
সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জেলার ১৪০টি হাওরের বোরো ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। অসময়ে কাঁচা ধান তলিয়ে যাওয়ায় কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। এই কৃষকেরা এমনিতে ঋণের জালে বন্দী। ফসল না তুলতে পারায় এখন ঘরে খাবার নেই। আগামী একটি বছর কীভাবে পরিবার-পরিজন নিয়ে চলবেন, এ চিন্তায় দিশেহারা তাঁরা।