সুনামগঞ্জে খোলাবাজারে চাল বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ফসলহানির পর ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে জেলায় কম দামে খোলাবাজারে চাল বিক্রি শুরু করে সরকার। প্রথমে জেলার ৪২টি কেন্দ্রে চাল বিক্রি শুরু হয়। পরে মানুষের ব্যাপক চাহিদায় পর্যায়ক্রমে বাড়িয়ে ১১০টি কেন্দ্রে চাল বিক্রি শুরু হয়। প্রতিদিন জেলার ২২ হাজার মানুষ ১৫ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল কিনতে পারতেন। কিন্তু ১ জুলাই থেকে এই চাল বিক্রি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন হাওর এলাকার দরিদ্র মানুষ।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সুনামগঞ্জে হাওরে ফসলহানি এবং কৃষকদের বাস্তব অবস্থা বিবেচনায় জেলায় আবারও খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম অব্যাহত রাখতে খাদ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে গতকাল পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে গত এপ্রিল মাসে হাওরের ফসলহানি শুরু হলে হাওর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বাজারে চাল ও আটার দাম বেড়ে যায়। চাল ও আটা নিয়ে শুরু হয় কাড়াকাড়ি। পরে ৬ এপ্রিল থেকে জেলার ৪২টি কেন্দ্রে প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বিক্রি শুরু হয়। একজন মানুষ প্রতিদিন ১৫ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে পাঁচ কেজি করে আটা কিনতে পারতেন। কিন্তু কেন্দ্রগুলোতে ২০০ জনের স্থলে ভিড় করেন হাজারো মানুষ। অনেকেই চাল ও আটা কিনতে না পেরে খালি হাতে ফেরেন। এরপর স্থানীয় মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ২৬ এপ্রিল আটা বন্ধ করে কেন্দ্রগুলোতে প্রতিদিন দুই টন করে ৪০০ জনের কাছে চাল বিক্রি শুরু হয়। ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে এসে জেলার প্রতিটি ইউনিয়নে খোলাবাজারে চাল বিক্রির নির্দেশ দেন। এরপর কেন্দ্র বেড়ে দাঁড়ায় ১১০টি। এই ১১০টি কেন্দ্র থেকে প্রতিদিন ২২ হাজার দরিদ্র মানুষ কমদামে চাল কিনতে পারতেন। কিন্তু ১ জুলাই থেকে কোনো ঘোষণা ছাড়াই চাল বিক্রি বন্ধ হয়ে যায়।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘সংশ্লিষ্টদের বুঝতে হবে হাওরের সংকট মাত্র শুরু হয়েছে। এই সংকট আগামী বৈশাখ মাস পর্যন্ত থাকবে। মানুষের ঘরে খাবার নাই, হাতে টাকাপয়সা নাই। এ অবস্থায় ওএমএসের চালে তারা কিছুটা হলেও সুবিধা পেত। এখন সেটাও বন্ধ হয়ে গেছে। সরকারের উচিত ফসলহারা অসহায় মানুষের স্বার্থে সুনামগঞ্জে আবার খোলাবাজারে চালু বিক্রি শুরু করা।’

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী জানান, সুনামগঞ্জের হাওর এলাকায় সোয়া তিন লাখ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে দেড় লাখ কৃষক প্রতি মাসে সরকারের বিশেষ ভিজিএফের মাধ্যমে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে পাচ্ছেন। এই সহায়তার বাইরে আছেন আরও পৌনে ২ লাখ কৃষক। তাঁরা কীভাবে চলছেন বা চলবেন, এটা সরকারকে ভাবতে হবে। তিনি বলেন, ‘আমরা শুরু থেকে দাবি করছি খোলাবাজারে চাল বিক্রির কেন্দ্র গ্রামে গ্রামে চালু করতে। এখন ইউনিয়নে চালুর পর হঠাৎ করে সেটি বন্ধ হয়ে গেল, এটা দুঃখজনক। আমরা চাই, সুনামগঞ্জে অবিলম্বে খোলাবাজারে আবার চাল বিক্রি শুরু হোক।’

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ফসলহারা মানুষের জন্য বিশেষ ভিজিএফ ও খোলাবাজারে চাল বিক্রি একই সঙ্গে চলমান থাকায় জেলায় চাল মজুত কমে গেছে। খাদ্যগুদামগুলোতে চালের সংকট আছে। খোলাবাজারে চাল বিক্রি বন্ধের এটিও একটি কারণ।

জানতে চাইলে সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা প্রথম আলোকে বলেছেন, ‘সুনামগঞ্জে খোলাবাজারে চাল বিক্রি চালুর বিষয়ে আমরা খাদ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি। এখনো কোনো নির্দেশনা আসেনি। আশা করি, এটা আবার চালু হবে।’ চালের মজুত কম থাকার বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে মজুত কিছুটা কম থাকলেও চাল আসছে। খোলাবাজারে আবার চাল বিক্রি শুরু হলেও কোনো সমস্যা হবে না।’

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ কৃষক পরিবার। তবে স্থানীয় কৃষক-জনপ্রতিনিধিরা বলছেন, হাওরের ৯০ শতাংশ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের ফসল হারিয়ে এই কৃষকেরা এখন নিঃস্ব, দিশেহারা।