সুনামগঞ্জে গাছ থেকে ঝরছে কাঁচা কমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গ্রাম আশাউড়ার কমলাগাছ থেকে ফল পরিপক্ব হওয়ার আগেই ঝরে পড়ছে। এক দশক আগে ‘কমলা চাষ উন্নয়ন প্রকল্প’র আওতায় এ গ্রামে কমলার ২৬টি বাগান করা হয়। কিন্তু প্রকল্প শেষ হয়ে যাওয়ায় এসব কমলাচাষি কৃষি বিভাগ থেকেও আর তেমন সহযোগিতা পাচ্ছেন না।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আশাউড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালে কমলা চাষের প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর কৃষি বিভাগ থেকে আর কোনো যোগাযোগ রাখা হয়নি। তিনি আরও বলেন, আশাউড়া গ্রামের কমলা খুবই রসাল। আর টক-মিষ্টি স্বাদের এসব কমলার ঘ্রাণও চমৎকার। জেলায় কমলা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে কৃষি বিভাগের পক্ষ থেকে বাগানমালিকদের সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে তাঁদের ঋণ দেওয়ারও দাবি জানান।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, আশাউড়া গ্রামের টিলাগুলোতে কমলার সারি সারি গাছ। এগুলোতে ঝুলছে ছোট-বড়, কাঁচা-পাকা কমলা। বাগানিরা বলেন, এবার কমলা সবুজ থেকে পাকা রং ধারণ করার আগেই ঝরে পড়ছে। কোনো কোনো বাগানের কমলা পাকা তো দূরের কথা, ছোট থাকতেই ঝরে পড়েছে।
গ্রামের দক্ষিণ পাড়ায় গিয়ে কথা হয় আবুল হাসেমের (৫২) সঙ্গে। তিনি বলেন, সাড়ে তিন একর জমির ওপর তাঁর কমলাবাগান। সেখানে প্রায় ১৮০টি গাছে কমলা ধরেছে। প্রথমে গাছভর্তি কমলা থাকলেও এখন ডালগুলো অনেকটাই ফাঁকা। আবুল হাসেম বলেন, ‘ইবার বেশি কমলা দেইখ্যা খুশি হইছিলাম। এরপর ফলগুলা ঝরা শুরু করল। কৃষি কর্মকর্তাদের লগে কথা কইলাম। তাঁরা গাছের ভিটামিন কইমা গেছে কয়।’
গ্রামের আবদুল হকের বাগানে আধা পাকা বেশ কিছু কমলা দেখা যায়। তাঁর স্ত্রী চম্পা বেগম (৩২) বাগানের ভেতরে নিয়ে কাছে থেকে কমলা দেখান। সেগুলোর খোসায় ছোট ছোট অসংখ্য ছিদ্র চোখে পড়ে। তিনি বলেন, একধরনের পোকা এগুলো করেছে। এরপর ফলগুলো শুকিয়ে ঝরে পড়ে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে কমলা চাষের সম্ভাবনা থাকায় ২০০৪ সালে চার বছর মেয়াদি কমলা চাষের প্রকল্পটি নেয় কৃষি বিভাগ। এর আওতায় ২০০৪ সালে আশাউড়া গ্রামের ২৬ জনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে ২২০টি করে গাছের চারা দেওয়া হয়। লাগানো গাছগুলোতে ফল ধরে ২০১১ সালে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাসেম বলেন, ‘গাছের সঠিক পরিচর্যা না করায় এ সমস্যা হতে পারে। প্রকল্পের আওতায় বাগানমালিকদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এখন সেই প্রকল্প আর নেই। তার পরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’