সুনামগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জয়মালা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত রোববার গভীর রাতে উপজেলার শিমুলবাক ইউনিয়নের সরদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন জয়মালা বেগমের লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জয়মালা বেগমের স্বামী ইন্তাজ আলী (৫২) জানান, তাঁর ভাই প্রবাসী রমজান আলী ও ভাইয়ের স্ত্রী বিউটি বেগমের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে কয়েক দিন আগে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। রোববার রাতে জয়মালা ও সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, জয়মালা ঘরে নেই। পরে ঘরের দুই শ গজ দূরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় জয়মালার লাশ পাওয়া যায়। ইন্তাজ আলীর দাবি, তাঁর স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।এ ঘটনায় নিহতের ভাই ছমির উদ্দিন সোমবার দক্ষিণ সুনামগঞ্জ থানায় বিউটি বেগমসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। সরদারপুর গ্রামের গ্রাম পুলিশের সদস্য সুফিয়া বেগম জানান, যেখানে জয়মালার ঝুলন্ত লাশ পাওয়া গেছে সেখানে কাদা মাড়িয়ে যেতে হয়। অথচ লাশের পায়ে কাদা ছিল না। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।