সুনামগঞ্জে চাকরি, কাজ করেন নাটোরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে চাকরি, এ হিসেবেই তিনি বেতন পান। পদ রেডিওগ্রাফি। তবে তিনি এখানে কাজ করেন না। কাজ করেন নাটোরের সিংড়া উপজেলায়। ছয় বছর ধরে তিনি সেখানে কাজ করছেন। এদিকে রেডিওগ্রাফির অভাবে সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের এক্স-রে মেশিন বন্ধ। রেডিওগ্রাফি নেই, তাই আর সেটি চলেনি।ক্লিনিক সূত্র জানায়, সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে রেডিওগ্রাফি হিসেবে কর্মরত ছিলেন রাশেদুল বারী। ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে তিনি প্রেষণে (ডেপুটেশনে) নাটোরের সিংড়া উপজেলায় কাজ করছেন। বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে অনেকবার লেখালেখি হলেও কোনো কাজ হয়নি। তিনি এখান থেকে বদলি না হওয়ায় নতুন লোকও পদায়ন করা যাচ্ছে না।জানা যায়, সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জন্য ২০০৭ সালে আরও একটি নতুন এক্স-রে মেশিন দেওয়া হয়। এটির দাম প্রায় ১০ লাখ টাকা। কিন্তু রেডিওগ্রাফি না থাকায় অত্যাধুনিক এ মেশিনটিও চালানো যায়নি। দীর্ঘদিন ধরে এটি অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় মরীচিকা ধরেছে। ক্লিনিকের কর্মচারীরা জানান, কাশি পরীক্ষা করে যদি কোনো কিছু না পাওয়া যায়, তাহলে রোগীকে অবশ্যই এক্স-রে করে দেখতে হয় টিবি হলো কি না। কিন্তু সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে সেটি সম্ভব হয় না রেডিওগ্রাফির পদে কোনো লোক না থাকায়। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লিনিকের এক কর্মচারী বলেন, ‘মন্ত্রণালয়ে রাশেদুল বারীর ঘনিষ্ঠ লোক আছে বলে শুনেছি। তাই তাঁকে এখানে আনা বা পদ খালি করা যাচ্ছে না।’ জেলা রোগী কল্যাণ সমিতির সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জের বেতন খাবেন আর কাজ করবেন নাটোরে, এটা কেমন কথা। তাঁর কারণে সুনামগঞ্জের মানুষ সেবাবঞ্চিত হতে পারে না। তাঁকে এখানে আসতে হবে, না হয় বদলি হতে হবে।’এ ছাড়া সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকে মেডিকেল অফিসার ও জুনিয়র কনসালট্যান্টের পদ শূন্য রয়েছে। ২০০৭ সালে ফার্মাসিস্ট অবসরে যাওয়ার পর আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এখানে বহির্বিভাগে রোগী দেখা হয়। প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসেন। ভর্তির প্রয়োজন হলে তাঁদের সুনামগঞ্জ সদর কিংবা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সুনামগঞ্জের সিভিল সার্জন এম এ রকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রেডিওগ্রাফির জন্য অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। তাঁকে প্রেষণে না রেখে বদলি করা হলেও আমরা সেখানে অন্য একজনকে দিতে পারি। কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। কারণ, কাগজপত্রে এই পদ খালি নেই।’ তিনি জানান, অন্য শূন্য পদের বিষয়টিও নিয়মিত রিপোর্টে জানানো হয়ে থাকে।