সুনামগঞ্জে চুরি-ছিনতাই বৃদ্ধি, পৌরসভার মাইকিং
সুনামগঞ্জ পৌর শহরে চুরি-ছিনতাই বেড়েছে। পৌরসভার পক্ষ থেকে এ ব্যাপারে শহরবাসীকে সতর্ক করতে মাইকযোগে প্রচার চালানো হয়েছে। গত মঙ্গলবার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
গত নয় দিনে শহরে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রায় প্রতিদিনই শহরের কোনো না কোনো এলাকায় বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছে। গত ১৭ দিনে কেবল বিলপাড় এলাকাতেই চুরির ঘটনা ঘটেছে সাতটি। চুরি-ছিনতাই রোধে গতকাল শুক্রবার রাতে পৌর মিলনায়তনে মতবিনিময় সভা হয়। এতে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির, পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুলসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র জানিয়েছেন, শহরে চুরি-ছিনতাই বেড়েছে। এ কারণে গভীর রাতে ঘোরাফেরা করার অপরাধে গত শনিবার রাতে পুলিশ ৩০ যুবককে আটক করে। পরে মুচলেকা দিয়ে তারা ছাড়া পায়। তাই তিনি পুলিশের সঙ্গে আলোচনা করে মাইকযোগে শহরবাসীকে সতর্ক করিয়েছেন। মাইকে প্রচার করা হয়, কোনো প্রয়োজন ছাড়া কেউ যেন রাত ১২টার পর রাস্তায় বের হয়ে ঘোরাফেরা না করেন। পৌর মেয়র বলেন, ‘শুধু চুরি-ছিনতাই নয়, শহরে বখাটেপনাও বেড়েছে। বখাটেরাই গভীর রাতে অযথা ঘোরাফেরা করে বেশি। ঈদের পর পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গড়ে তোলা হবে।’
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ইকবাল নগর এলাকার ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এক দম্পতি ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই দম্পতি মোটরসাইকেলে করে সিলেটে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীরা পথরোধ করে তাঁদের কাছ থেকে ১৫ হাজার টাকা, একটি সোনার চেইন ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেয়। ওই দম্পতি চিৎকার দিলে পাশে থাকা টহল পুলিশের একটি দল পাঁচ যুবককে আটক করে। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
১৮ জুলাই বিকেলে শহরের উপকিলপাড়া এলাকায় এক নারী ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এর আগের দিন বনানীপাড়া এলাকার সেতুর ওপর আরেক নারী ছিনতাইয়ের শিকার হন। ওই নারীর ৪৫ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায় ছিনতাইকারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের নতুনপাড়া, হাজিপাড়া, মুহাম্মদপুর, ষোলঘর, বনানীপাড়া, মল্লিকপুর, মধ্যবাজার, নবীনগর, বিলপাড়, হাসননগর এলাকায় চুরির ঘটনা ঘটছে বেশি। পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মী জানান, শহরের লঞ্চঘাট সড়ক, কালীবাড়ি রোড, মরাটিলা রোড, মল্লিকপুর, পুরাতন বাসস্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে, গভীর রাতে ঢাকা থেকে আসা যাত্রীরা ছিনতাইয়ের শিকার হন। এসব চুরি-ছিনতাইয়ে বখাটে-মাদকসেবীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পৌর মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি পেয়েছে, পুলিশ চোর-ছিনতাইকারীদের ধরবে, এটা ভালো কথা। কিন্তু এ জন্য রাত ১২টার পর দোকানপাটও বন্ধ রাখতে বলছে পুলিশ।’
সদর থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আমাদের পক্ষ থেকে দোকানপাট বন্ধ রাখতে কাউকে বলা হয়নি। তবে শহরে যাতে চুরি-ছিনতাই না হয়, সে জন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।