সুনামগঞ্জে চেয়ারম্যান পদের লড়াইয়ে ৯ প্রবাসী
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগে তিনবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন যুক্তরাজ্যপ্রবাসী আবদুছ সোবহান। এবার তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
শুধু আবদুছ সোবহান একা নন, তৃতীয় ধাপে অনুষ্ঠেয় সুনামগঞ্জের সাতটি ইউপির নির্বাচনে নয়জন প্রবাসী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। অন্যরা স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীদের মধ্যে চারজন আওয়ামী লীগের, একজন বিএনপির।
নয় প্রবাসী চেয়ারম্যান পদপ্রার্থী হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আবদুছ সোবহান, কুরবানগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী কোহিনুর আলম, মোহনপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সৌদি আরবপ্রবাসী মো. মঈন উল হক; দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বেলজিয়ামপ্রবাসী মো. রিয়াজুল ইসলাম (রাইজুল), পূর্বপাগলা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্রপ্রবাসী মাসুক মিয়া, শিমুলবাক ইউপিতে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী শাহীনুর রহমান; দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপিতে বিএনপির প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আবু হেনা আজিজ, পান্ডারগাঁও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী হুমায়ুন কবীর, একই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সৌদিপ্রবাসী ধন মিয়া।
আবদুছ সোবহান বলেন, ‘লন্ডনে থাখলে কিতা অইব, দেশের লাগি মন খান্দে। যারা ভোটে পাস খরইন তারা টিআর-কাবিখা খাইবার লাগি পাগল। কাজের কাজ কোনতা খরইন না। আমি চেয়ারম্যান অইলে মানুষের লাগি, এলাকার উন্নয়নের লাগি কাজ করমু, অউটাই বোঝাইরাম।’
বয়সে তরুণ আবু হেনা আজিজ সপরিবারে যুক্তরাজ্যে থাকেন। দেশে নিয়মিত আসা-যাওয়া তাঁর। আজিজ অবশ্য গত নির্বাচনে মান্নারগাঁও ইউপিতে একই পদে প্রার্থী ছিলেন। জয়ী প্রার্থীর চেয়ে ৩৫ ভোট কম পান তিনি। আবু হেনা আজিজ বলেন, তিনি বেশ কয়েক বছর ধরে তাঁর মা-বাবার নামে প্রতিষ্ঠিত ‘ইলিয়াস-মমতাজ মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে এলাকায় বিভিন্নভাবে উন্নয়ন করে যাচ্ছেন। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করছেন। প্রতিবছর এলাকার ৩০ জন শিক্ষার্থীকে নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী দেন। তিনি বলেন, ‘এলাকার মানুষই চেয়েছেন এবারও যেন আমি প্রার্থী হই।’
কুরবাননগর ইউপির আওয়ামী লীগের প্রার্থী কোহিনুর আলম বলেন, ‘প্রবাসে আছি নিজের জন্য। এলাকার জন্য কাজ করতে হলে মানুষের কাছাকাছি থাকতে হবে। আমার এলাকাটি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানা দিক থেকে অবহেলিত। আমি এই অবস্থার পরিবর্তন চাই। দেশে-বিদেশে যে অভিজ্ঞতা অর্জন করেছি, মানুষের উন্নয়নে সেটা কাজে লাগাতে চাই।’
পূর্ব বীরগাঁও ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বেলজিয়ামপ্রবাসী রিয়াজুল ইসলাম গত ইউপি নির্বাচনেও একই পদে প্রার্থী ছিলেন। কিন্তু জিততে পারেননি। বেলজিয়ামের আরাম-আয়েশ এবং সামাজিক নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বুঝতেই পারছেন আমি কোথায় আছি। তারপরও নাড়ির টানে দেশে আসি। এলাকার মানুষের দুঃখ-কষ্ট আমাকে পীড়া দেয়। আমি মানুষের মুখে হাসি দেখতে চাই, তাঁদের জন্য কাজ করতে চাই। তাই প্রার্থী হয়েছি।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আবু নাসের বলেন, প্রার্থীদের মধ্যে কে দেশি আর কে প্রবাসী, এর চেয়ে বড় হলো যোগ্যতা। প্রবাসী প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলাদা কৌতূহল থাকতে পারে, তবে ভোট দেখেশুনে যোগ্য প্রার্থীকেই দেওয়া উচিত।
সুনামগঞ্জের তিন উপজেলার ২৬টি ইউপিতে ২৩ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।