সুনামগঞ্জে ছাত্র-এলাকাবাসী সংঘর্ষ, শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার কলেজের ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে শিক্ষার্থীসহ শতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় দুই ঘণ্টা সুনামগঞ্জ-সিলেট সড়কে যান চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ৩১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অবস্থিত জাউয়াবাজার কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ওই সড়কে চলাচলকারী একটি বাসে ওঠা নিয়ে এক বাসচালকের ঝগড়া হয়। এ সময় জাউয়াবাজার এলাকার বাসিন্দা মুক্তাদীর (৩১) বাসচালকের পক্ষ নিয়ে ছাত্রদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা বাজারে মিছিল বের করে। একপর্যায়ে মুক্তাদীরের লোকজন ওই মিছিলে হামলা চালায়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। সুনামগঞ্জ-সিলেট সড়কের ওপর প্রায় দুই ঘণ্টা থেমে থেমে সংঘর্ষ চলায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) ও থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত ৩১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: সোহেল আহমদ, রিপন, কালা শাহ, জুয়েল, নাসির উদ্দিন, শাহিন আহমদ, রিকসন পাল, সাজু, সজীব দস্তিদার, হারুনুর রশিদ, জালাল উদ্দিন, ওয়াহিদ আহমদ, আবদুল গণি, আবদুল খালিক, লেচু মিয়া, কাপ্তান মিয়া, মামুন আহমদ, আসক আলী (৫০), সিরাজুল (৪২), কয়েছ আহমদ, ফারুক আহমদ (৫০), রিয়াজ আহমদ, রাজু আহমদ, আব্বাস আহমদ, আবুল হোসেন (৫০), তোফায়েল আহমদ (৩২), ছালিক আহমদ (৩৫), আজিজ আহমদ, সকিনা বেগম (৪০), মজিদ আহমদ, আনোয়ার প্রমুখ। অন্য আহত ব্যক্তিদের মধ্যে অনেকে স্থানীয় কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।জাউয়াবাজার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবুল কালাম ও আহমেদ শরিফ অভিযোগ করেন, ‘বাসে ওঠার সময় মুক্তাদীর ছাত্রীদের নিয়ে বাজে মন্তব্য করে এবং ছাত্রদের মারধর করে। এর প্রতিবাদে মিছিল বের করলে সেই মিছিলেও লোকজন নিয়ে হামলা চালায়।’ মুক্তাদীর আহমদ ছাত্রীদের নিয়ে কোনো মন্তব্য করেননি দাবি করে বলেন, ‘ছাত্ররা বাসচালকের সঙ্গে ঝগড়া করছিল। আমি বিষয়টি মীমাংসা করতে গিয়েছিলাম। এ সময় তারা আমার ওপর ক্ষেপে যায়।’এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, ‘বাসে ওঠা নিয়েই সংঘর্ষ হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। এলাকাবাসী ও কলেজ কর্তৃপক্ষ মিলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’