সুনামগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী এক শিক্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার ছাত্রলীগ সুনামগঞ্জ-সিলেট সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় সুনামগঞ্জ-সিলেট ও সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় সড়কের দুদিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। বেলা একটার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার অলিউর রহমান, পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফায়াত মাহবুব চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী জানান, সড়ক অবরোধের খবর পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, জেলা সভাপতি সাংসদ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। পরে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই অবরোধ প্রত্যাহার করা হয়। আজ একই দাবিতে তাঁরা শহরের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন। সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় ওই প্রতিষ্ঠানের জামায়াতপন্থী শিক্ষক আবুল আলা মওদুদ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। পরে ছাত্রলীগের নেতারা তাঁকে ধরে পুলিশে দেন। পুলিশ পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে তিনি জামিনে ছাড়া পান।