সুনামগঞ্জে ছয় চিকিৎসকের করোনা শনাক্ত
সুনামগঞ্জে ছয় চিকিৎসক ও চার নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনই সুনামগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক। তাঁদের গত এক সপ্তাহে করোনা শনাক্ত হয়। সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
সুনামগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে চার চিকিৎসক ও চার নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক নার্স ছাড়া অন্যরা বাড়িতেই আইসোলেশনে আছেন।
জেলা সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক মুকুল রঞ্জন চক্রবর্তী ও শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ঈশিতা দাশের ২২ জুলাই করোনা শনাক্ত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁরাও বাড়িতেই আইসোলেশনে আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেনারেল হাসপাতালে বর্তমানে ১৭ চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। গাইনি বিভাগের চিকিৎসক লিপিকা দাসের করোনা শনাক্ত হয় শুক্রবার। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের কনসালট্যান্ট শ্যামল চন্দ্র বর্মন, বহির্বিভাগের চিকিৎসা কর্মকর্তা জহরলাল দাশ ও জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সৈকত দাসের করোনা শনাক্ত হয়। এ ছাড়া হাসপাতালের নার্স স্বপ্না হাগিদক, মাহমুদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ঝুউমি পিসিমের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে নার্স খাদিজাতুল কোবরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন। অন্য তিনজন নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে সেবা দিতে দিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হচ্ছেন। তবুও জেলার প্রতিটি হাসপাতালে মানুষের প্রয়োজনীয় সেবা দিচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে সবাইকে সচেতন হতে হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত বছরের ৩০ মার্চ থেকে সুনামগঞ্জে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হয়। প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপ্রিল। এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ২৪৫ জনের। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১৩ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৩ জন।