সুনামগঞ্জে জমি দখলের চেষ্টায় বিএনপির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে স্থানীয় একজন বিএনপির নেতা একটি পরিবারকে নিজস্ব জমিতে ঘর নির্মাণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার জামাইপাড়া আবাসিক এলাকার বাসিন্দা জয়শ্রী চৌধুরী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। জয়শ্রী দাবি করেন, আবাসিক এলাকার ১৫১৩ দাগের ৭২ শতাংশ জমির মালিক তাঁর ফুফু (বাবা অভিনাশ চৌধুরীর ভগ্নিপতি) কামিনীমোহন পাল ও তাঁর ছোট ভাই মহিম চন্দ্র পাল। কামিনীমোহন একসময় ভারতে চলে যান। পরে মহিম চন্দ্র মারা যান। মৃত্যুর আগে তিনি ৩৬ শতাংশ জমি বাবা অভিনাশ চন্দ্র চৌধুরীকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দান করে যান। আর বাবার উত্তরাধিকারী হিসেবে তিনি এ জমি ভোগদখল করে আসছেন। জয়শ্রী অভিযোগ করে বলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল মনসুর শওকত প্রথম ২০০৪ সালে তাঁর এই জমি দখলের চেষ্টা চালান। ওই ঘটনায় তিনি মামলা করেন। সম্প্রতি তিনি (জয়শ্রী) জমিতে ঘর নির্মাণ শুরু করলে স্থানীয় ভূমি কার্যালয় থেকে কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়। কাজ বন্ধের পর ১৩ ডিসেম্বর গভীর রাতে আবুল মনসুর আবার তাঁর বাসায় ঢোকার চেষ্টা করেন। তিনি ও তাঁর স্বামী তাঁকে বাধা দিলে আবুল মনসুর ঘর নির্মাণ না করার হুমকি দেন। এ ঘটনায়ও তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, জয়শ্রীর ভোগদখলীয় বাড়িতে ৭২ শতক জমি আছে। এর মধ্যে ৩৬ শতাংশ অর্পিত সম্পত্তি। নতুন তালিকায় ৭২ শতাংশ জমিই অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আবুল মনসুর জমির ৩৬ শতাংশের বন্দোবস্ত নিতে ১৯৯২ সালে একটি আবেদন করেন। আবুল মনসুর বলেন, ‘যেখানে সরকারের পক্ষ থেকে অর্পিত সম্পত্তিতে ঘর নির্মাণ বন্ধ রাখতে বলা হয়েছে, সেখানে আমার হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার সম্মানহানির জন্যই এই অভিযোগ করা হচ্ছে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফায়াত মাহবুব চৌধুরী বলেন, ‘তহশিলদার জানিয়েছেন, এটি অর্পিত সম্পত্তি। এ জন্য কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরে পরিবারটি এটি অর্পিত সম্পত্তি নয় বলে দাবি করলে আমি বলেছি, আমরা বিষয়টি দেখব।’