সুনামগঞ্জে জাতীয় হাওর উৎসবের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত জাতীয় হাওর উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। গত শুক্রবার শুরু হওয়া এই উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।
গতকাল সকাল ১০টায় জারিগান দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর লাঠিখেলা, পুঁথিপাঠ, কিসসা পালা, ধামাইল, বাউলগান ও নাটক মঞ্চস্থ হয়।
বিকেল পাঁচটায় আয়োজক সংগঠন হাওর পারের ধামাইলের সভাপতি সজল কান্তি সরকারের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুই দিনের এই উৎসবে হাওর অঞ্চলের মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। হাওরাঞ্চলের মানুষ, শিক্ষা-সংস্কৃতির উন্নয়নের বিষয়টি নিয়ে কথা হয় বেশি। কাজ হয় কম। তাই শুধু কথা নয়, কাজের মাধ্যমে এর প্রতিফলন ঘটাতে হবে। বক্তারা এ সময় হাওর এলাকার জন্য আলাদা মন্ত্রণালয় করার দাবি জানান।