সুনামগঞ্জে জাপার হরতাল নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ‘মুক্তি’র দাবিতে সুনামগঞ্জ জেলায় গতকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। পরে এই হরতাল আধা বেলা করা হয়।
নেতা-কর্মীরা গতকাল সকালে কিছুক্ষণ পিকেটিং করে আবার হরতাল প্রত্যাহার করে নেন।
দলীয় নেতা-কর্মীরা প্রথম আলোকে জানান, এরশাদকে চিকিৎসার নামে আটক করা হয়েছে দাবি করে তাঁর মুক্তির দাবিতে রোববার বিকেলে সুনামগঞ্জ শহরে মিছিল করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। এই মিছিল থেকেই মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন তাঁরা।
সোমবার বিকেলে আবার মিছিল করে আধা বেলা হরতালের ঘোষণা দেওয়া হয়।
ওই দিন রাত আটটার দিকে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সাংসদ আবদুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্র থেকে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে। তাই তাঁরা মঙ্গলবারের হরতাল বাতিল করেছেন।
অথচ সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন টেলিভিশনে সুনামগঞ্জে জাতীয় পার্টির এই হরতালের খবর প্রচারিত হয়। হরতালের সমর্থনে নেতা-কর্মীরা গতকাল সকাল ছয়টা থেকে শহরের তিনটি স্থানে মিছিল করেন ও যানবাহন চলাচলে বাধা দেন। সাড়ে আটটার দিকে হরতাল প্রত্যাহার করে নেন।
জাতীয় পার্টির এই হরতাল নাটকে বিরক্তি প্রকাশ করেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। শহরের পৌর বিপণির ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাতে হরতাল শুনে সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে আসিনি। দুপুরে শহরে এসে শুনি হরতাল নেই। এমনিতেই হরতাল-অবরোধের কারণে ব্যবসার বারোটা বেজে গেছে। এর মধ্যে জাতীয় পার্টি এই হরতাল নাটক না করলেও পারত।’
জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘সোমবার গভীর রাতে আমরা কেন্দ্র থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা পেয়েছিলাম। এ কারণে সব নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যে কারণে সমস্যা হয়েছে।’