সুনামগঞ্জে জাপার হরতাল নিয়ে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার প্রথমে সকাল-সন্ধ্যা, পরে আধা বেলা ও শেষ পর্যন্ত  হরতাল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এতে ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ।

দলীয় সূত্রে জানা গেছে, এরশাদের মুক্তির দাবিতে গত রোববার বিকেলে শহরে মিছিল করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। ওই মিছিল থেকেই আজ মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন তাঁরা। পরদিন সোমবার বিকেলে আবার মিছিল করে আজ আধাবেলা হরতালের ঘোষণা দেওয়া হয়। ওই দিনই রাত আটটার দিকে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সাংসদ আবদুল মজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্র থেকে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে, তাই হরতাল বাতিল করেছেন তাঁরা। অথচ সোমবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন টেলিভিশনের স্ক্রলে সুনামগঞ্জে জাতীয় পার্টির ডাকা হরতালের খবর প্রচারিত হয়। আজ মঙ্গলবার সকালে শহরে হরতালের সমর্থনে পিকেটিং শুরু করেন দলের নেতা-কর্মীরা। কিছু সময় পিকেটিং করার পর হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়। শহরের পৌর বিপণির ব্যবসায়ী আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাতে হরতাল শুনে সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে আসিনি। দুপুরে শহরে এসে শুনি হরতাল নেই। এমনিতেই হরতাল-অবরোধের কারণে ব্যবসার বারোটা বেজে গেছে। এর মধ্যে জাতীয় পার্টি এই হরতাল-নাটক না করলেও পারত।’ এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মজিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসলে আমরা গভীর রাতে কেন্দ্রঘোষিত কর্মসূচি পেয়েছিলাম। এরপর সব নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যে কারণে সমস্যা হয়েছে।’