সুনামগঞ্জে জায়গা নিয়ে বিরোধের জের ধরে পূজামণ্ডপে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে একটি পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ওই এলাকার পূজারিরা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জগন্নাথবাড়ী সড়কে মানববন্ধন করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্যবাজারের সন্ধানী ক্লাব পূজা উদ্যাপন কমিটি দীর্ঘদিন ধরে এলাকার একটি সরকারি জায়গায় পূজা করছে। মঙ্গলবার রাতে পূজামণ্ডপের পাশের বাড়ির শ্যামল বর্মণ ও তাঁর ভাইয়েরা ওই জায়গা তাঁদের দাবি করে সরস্বতী পূজামণ্ডপে হামলা চালান। ভাঙচুর করেন প্রতিমা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল সকালে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ শ্যামল বর্মণের ভাই কেশব বর্মণকে আটক করে। এরপর আরেকটি প্রতিমার ব্যবস্থা করে পুলিশি পাহারায় সন্ধানী ক্লাবের পূজা হয়।সন্ধানী ক্লাবের সভাপতি চন্দন রায় জানান, এলাকাবাসী প্রায় ৫০ বছর ধরে এখানে পূজা করছে। পূজা এলেই শ্যামল বর্মণ ও তাঁর ভাইয়েরা জায়গাটি তাঁদের দাবি করে গণ্ডগোল করার চেষ্টা করেন। এবার তাঁরা হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছেন। শ্যামল বর্মণ দাবি করেন, ‘এই জায়গা আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছি। পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় আমরা জড়িত নই।’এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার কথা জানালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।