সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১০ সদস্যের নতুন কমিটি অনুমোদনের পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। এই কমিটি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবারও শহরে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সুনামগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর কেন্দ্র থেকে ফজলে রাব্বীকে সভাপতি ও রফিক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১০ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি বাতিল ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের পুরান বাসস্টেশন এলাকায় গিয়ে জেলা কমিটির নতুন সভাপতি ফজলে রাব্বীর বাসার সামনের সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। পরে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করা হয়। সমাবেশ থেকে ফজলে রাব্বী ও রফিক আহমেদকে সুনামগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাবেশের পর পৌর মার্কেটে গিয়ে ছাত্রলীগের ওই অংশের নেতা-কর্মীরা সাধারণ সম্পাদক রফিক আহমেদের ওষুধের দোকানের সাইনবোর্ড ভাঙচুর করেন। নতুন কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। নতুন কমিটির সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘নেতা-কর্মীদের নিজেদের বঞ্চিত মনে করার কোনো কারণ নেই। কাউকেই বঞ্চিত করা হয়নি। পরে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হবে।’নতুন কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সহসভাপতির পদত্যাগের ঘোষণানতুন কমিটির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে পাঠানো লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘নতুন কমিটির সহসভাপতি হিসেবে পত্রপিত্রকায় আমার নাম দেখে বিস্মিত হয়েছি। কমিটিতে যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে অছাত্র, ব্যবসায়ী, চাঁদাবাজ, দ্রুত বিচার মামলার আসামিরাও রয়েছেন। এতে সংগঠনের নিয়মিত ছাত্র ও ত্যাগী নেতাদের রাখা হয়নি। তাঁদের মূল্যায়ন করা হয়নি।’সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি কমিটি বাতিলের দাবির আন্দোলনে আছি। এটা জেলা ছাত্রলীগের নয়, বন্ধুলীগের কমিটি হয়েছে। এখানে আমি থাকতে পারি না।’