সুনামগঞ্জে টিপাইমুখ বাঁধনির্মাণের বিরুদ্ধে ‘সুরমা নদীর প্রতিবাদ’
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং বাঁধ নির্মাণ-প্রক্রিয়া বন্ধের দাবিতে গতকাল বুধবার সুনামগঞ্জে সুরমা নদীতে দিনব্যাপী নৌ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ‘টিপাইমুখ বাঁধ-সুরমা নদীর প্রতিবাদ’—এই স্লোগান নিয়ে ‘অঙ্গীকার বাংলাদেশ’ এ কর্মসূচির আয়োজন করে।শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় সুরমা নদীতে সকাল ১০টায় নৌ-অবস্থান গ্রহণ কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সংহতি জানান। কর্মসূচি শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘অঙ্গীকার বাংলাদেশ’-এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল। টিপাইমুখ বাঁধ হলে সুনামগঞ্জের হাওর এলাকার প্রকৃতি-পরিবেশ ও মানুষজন ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে উল্লেখ করে এই বাঁধ নির্মাণ প্রতিহত করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, হুমায়ূন কবীর জাহানুর, বর্তমান সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, নারীনেত্রী আরতি পাল, তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব বোরহান উদ্দিন দোলন, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুনীম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া দিনব্যাপী কর্মসূচিতে সংহতি জানান, সমাজকর্মী দেওয়ান গনিউল সালাদীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বাবলু ও সালেহ আহমদ, সাবেক ছাত্রনেতা হেলাল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সংস্কৃতিকর্মী আশরাফুজ্জামান শাহীন প্রমুখ। অঙ্গীকার বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী মইনুদ্দিন জালাল বলেন, ‘আমরা বহু দিন থেকেই এই বাঁধের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করার জন্য কাজ করছি। একইভাবে ভারতেও বিবেকবান মানুষকে এর বিরুদ্ধে সংঘটিত করা হচ্ছে। এই বাঁধ হতে দেওয়া হবে না।’ বিকেল সাড়ে চারটায় অবস্থান গ্রহণ কর্মসূচি শেষ হয়।