সুনামগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য অধিকার বিষয়ে সুনামগঞ্জে কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
তথ্য অধিকার বিষয়ে সুনামগঞ্জে কর্মশালা ও কুইজ অনুষ্ঠিত হয়েছে। কুইজের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপ ফ্রেন্ডস (ইয়েস ফ্রেন্ডস) ও নর্থ-ইষ্ট আইডিয়াল কলেজ সুনামগঞ্জের উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইয়েস ফ্রেন্ডসদের স্থানীয় চাহিদার ভিত্তিতে প্রাপ্ত বিশেষ বরাদ্দ হতে সুনামগঞ্জের নর্থ-ইষ্ট আইডিয়াল কলেজে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় সচেতন নাগরিকদের প্ল্যাটফর্ম সচেতন নাগরিক কমিটি (সনাক)।

‘তথ্য অধিকার আইন-২০০৯’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া, তথ্য অধিকার আইনের প্রচার, আগ্রহীদের তথ্য পাওয়ার জন্য আবেদন ফরম পূরণ প্রক্রিয়া হাতে-কলমে শেখানো এবং প্রযোজ্য ক্ষেত্রে আপিল ও অভিযোগ প্রক্রিয়া নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইনটির যথাযথ ব্যবহারের সক্ষমতা তৈরি; ব্যক্তিগতভাবে আইনটির প্রয়োগ ত্বরান্বিত করতে উৎসাহিত করা এবং তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য চেয়ে আবেদন করার প্রবণতা বৃদ্ধি করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।

কর্মশালায় ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ওপর আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। শিক্ষার্থীদের জন্য প্রথাগত কুইজের বাইরে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তাৎক্ষণিক কুইজ। বিজয়ীদের ক্যাপ, নোটবুক ও রিষ্টব্যান্ড পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করে সুনামগঞ্জের সনাক সদস্য যোগেশ্বর দাশ বলেন শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ। তিনি শিক্ষার্থীদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

কুইজ প্রতিযোগিতায় প্রায় ১০০ অংশগ্রহণকারীর মধ্যে একাদশ শ্রেণির আমির হামজা, আল-আমিন ও ফাহিম আহমেদ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি নর্থ-ইষ্ট আইডিয়াল কলেজ সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমনা দাস সনাক ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের সহযোগিতায় তার কলেজে এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভবিষ্যতেও এমন অনুষ্ঠানের আয়োজনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতি নর্থ-ইষ্ট আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বাস্তব জীবনে তথ্য অধিকার আইনের ব্যবহার করতে হবে।

টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্থ-ইষ্ট আইডিয়াল কলেজ সুনামগঞ্জের তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আলাল হোসেন। অনুষ্ঠানে সনাক সদস্য সঞ্চিতা চৌধুরী এবং আইনজীবী নাজনীন বেগম এবং নর্থ-ইষ্ট আইডিয়াল কলেজ সুনামগঞ্জের মল্লিকপুর ক্যাম্পাসের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

*মো. মাহবুব হোসেন: সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ