সুনামগঞ্জে তিন কোটি টাকার অর্পিত সম্পত্তি নিয়ে তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৩৬ শতক অর্পিত সম্পত্তি নিয়ে আদালত ও থানায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়েছে। সরকার-নিয়ন্ত্রিত জমি দখলের অভিযোগে একটি, দ্বিতীয়টি স্থানীয় ভূমি কার্যালয়ের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে এবং তৃতীয়টি ওই কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে।
স্থানীয় ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর শহরের জামাইপাড়া এলাকায় তেঘরিয়া মৌজার ১৫১৩ নম্বর দাগে ৭২ শতক জমি রয়েছে। এর মধ্যে ৩৬ শতক অর্পিত সম্পত্তি। দলিল রেজিস্ট্রি-মূলে বাকি ৩৬ শতক জমির মালিক জয়শ্রী চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। সম্প্রতি এই জমিতে তিনি আরেকটি ঘর তোলেন। সেটি উচ্ছেদ করতে ভূমি কার্যালয়ের কর্মকর্তারা গত ২৫ আগস্ট সেখানে যান। এ সময় দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ নিয়েই একে একে তিনটি মামলা হয়।
৪ সেপ্টেম্বর স্থানীয় ভূমি কার্যালয়ের পাঁচ কর্মকর্তাসহ ছয়জনকে বিবাদী করে আদালত অবমাননার অভিযোগে সুনামগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন জয়শ্রী চৌধুরী। এ মামলায় উল্লেখ করা হয়, ৩৬ শতক জমির তিনি দলিল রেজিস্ট্রি-মূলে মালিক আর বাকি ৩৬ শতক দীর্ঘদিন ধরে তাঁর দখলে রয়েছে। এই ৩৬ শতক জমি সরকারের কাছ থেকে কিনে নিতে আদালত তাঁকে অনুমতি দিয়েছেন। একই সঙ্গে এই জমিতে না যেতে সরকারের বিরুদ্ধে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বিবাদীরা সেই আদেশ অমান্য করেছেন।
এর আগে ২৭ আগস্ট সুনামগঞ্জের আমল গ্রহণকারী হাকিম আদালতে জয়শ্রী চৌধুরী আরেকটি মামলা করেছেন। এই মামলায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তিন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, একজন অফিস সহকারীসহ ছয়জনকে আসামি করা হয়। একই দিন সদর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা এ কে এম ছাব্বির বাদী হয়ে সদর থানায় জয়শ্রী চৌধুরী ও তাঁর স্বামী স্বপন কুমার সরকারকে আসামি করে আরেকটি মামলা করেন। ছাব্বির তাঁর অভিযোগে উল্লেখ করেন, এই জমি সরকারের গেজেটভুক্ত অর্পিত সম্পত্তি। সরকার-নিয়ন্ত্রিত এই সম্পত্তিতে আসামিরা জোর করে ঢুকে ঘর তোলার কাজ করছিলেন। তিনি সেখানে গিয়ে বাধা দেন এবং ঘর উচ্ছেদ করেন। এ সময় আসামিরা সরকারি কাজে তাঁকে বাধা দিয়েছেন এবং হুমকি-ধমকি দেন।
স্বপন কুমার সরকার বলেন, ‘এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আমাদের মামলা চলছে। সর্বশেষ আদালত এই ৩৬ শতক জমি সরকারের কাছ থেকে কিনে নিতে আমাদের অনুমতি দিয়েছেন। সরকারি কর্মকর্তারা সেই আদেশ অমান্য করেছেন।’
এ কে এম ছাব্বির বলেন, ‘এটি সরকারের গেজেটভুক্ত অর্পিত সম্পত্তি। আমি সরকারি সম্পত্তি রক্ষার জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু তাঁরা আমাকে সরকারি কাজে বাধা ও হুমকি-ধমকি দিয়েছেন।’