সুনামগঞ্জে তিন দিনের হাসন রাজা লোক উৎসব সমাপ্ত
গভীর রাত পর্যন্ত সিলেট অঞ্চলের বাউলশিল্পীদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শনিবার সুনামগঞ্জে তিন দিনের হাসন রাজা লোক উৎসব শেষ হয়েছে। হাসন রাজার প্রপৌত্র প্রয়াত কবি মমিনুল মউজদীনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারও তিন দিনের হাসন রাজা লোক উৎসব। মমিনুল মউজদীন সুনামগঞ্জ পৌরসভার তিনবারের জননন্দিত পৌর চেয়ারম্যান ছিলেন। ২০০৭ সালে সড়ক দুর্ঘটনায় তিনি স্ত্রী-পুত্রসহ মারা যান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী।হাসন রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান দেওয়ান শমসের রাজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ, লেখক আসমা আব্বাসী, সাদিয়া পরাগ চৌধুরী, অধ্যাপক এস এম ইলিয়াস, লন্ডনের টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার মিজান চৌধুরী, সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সিরাজুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান। সমাপনী অনুষ্ঠানে হাসন রাজার গানের শিল্পী ও গবেষক ছয়জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন দেওয়ান মুুহাম্মদ আজরফ, আবদুল হাই, নির্মলেন্দু চৌধুরী, মৃদুল কান্তি চক্রবর্তী, উজির মিয়া ও এমরান আলী।আলোচনা শেষে হাসন রাজার গান পরিবেশন করেন শিল্পীরা। স্থানীয় শিল্পীদের পর ফকির সাহাব উদ্দিন, জামাল উদ্দিন হাসান, জাহিদুল ইসলাম ও এনামুল কবীর সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার দেওয়ান গিয়াস চৌধুরী ও ফারজিয়া হক ফারিন।