সুনামগঞ্জে তিনটি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই পাহাড়ি ঢল নামতে শুরু হওয়ায় হুমকির মুখে পড়েছে বোরো ফসল। গতকাল মঙ্গলবার ধরমপাশা উপজেলার চন্দ্রসোনার থাল, তাহিরপুরের ঘনিয়াকুড়ি হাওর ও সদর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। এই তিন হাওরে ঢলের পানি ঢুকছে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।জানা যায়, গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল নামতে শুরু করে। এতে সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বেড়ে গেছে। গতকাল সকাল থেকে ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কাটাখালী বাঁধ ভেঙে চন্দ্রসোনার থাল হাওরে, তাহিরপুরের ছিড়ারগাঁও বাঁধ ভেঙে ঘনিয়াকুড়ি হাওরে ও সদর উপজেলার গজারিয়া বাঁধ ভেঙে খরচার হাওরে পাহাড়ি ঢলের পানি ঢুকছে।খোঁজ নিয়ে জানা গেছে, ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় সদর উপজেলার কানলার হাওর, মধ্যনগরের সোনামড়ল, কাউনাই হাওর, জগন্নাথপুরের নলুয়ার হাওর ও জামালগঞ্জের হালির হাওরের ফসল হুমকির মুখে রয়েছে। এ ছাড়া খরচার হাওরের বেকাবাঁধ ও হরিমনের বাঁধও ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধের কাজ শেষ না হওয়ায় এসব হাওরে যেকোনো সময় ঢলের পানি ঢুকে ফসল তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।গতকাল সকালে গজারিয়া বাঁধে গিয়ে দেখা গেছে, বাঁধের একাংশ ভেঙে হাওরে পানি ঢুকছে। এখনো অনেক কাজ বাকি। দুই দফা সময় বাড়ানো হলেও বাঁধের কাজ শেষ করেনি পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) লোকজন। একইভাবে চন্দ্রসোনার থাল হাওরের কাটাখালী এলাকার ভেঙে যাওয়া বাঁধটি রক্ষায় কাজ করছেন স্থানীয় কৃষকেরা। পানির চাপ ঠেকাতে একটি কয়লাবোঝাই স্টিলের বলগেট বাঁধে ফেলে মাটির বস্তা দেওয়া হচ্ছে। তবুও পানি ঠেকানো যাচ্ছে না। কিন্তু এ কাজে পাউবো কিংবা পিআইসির লোকজনকে দেখা যায়নি। একইভাবে তাহিরপুরের ঘনিয়াকুড়ি হাওরের ফসল রক্ষা বাঁধটি ভেঙে হাওরের প্রায় ৫০০ একর জমির ফসল তলিয়ে গেছে।খবর পেয়ে ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা কাটাখালী বাঁধ এলাকায় ছুটে যান। তাঁরা স্থানীয় লোকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার পাল জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, পাউবো ঘনিয়াকুড়ি হাওরের বাঁধ নির্মাণে কোনো প্রকল্প গ্রহণ করেনি।সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে পাউবোর সিলেট কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম চন্দ্রসোনার থাল হাওরে বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত কয়েক দিন উজানে (সীমান্তের ওপারে) ব্যাপক বৃষ্টি হওয়ায় অসময়ে পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চন্দ্রসোনার থাল হাওরে আমাদের লোক আছে। তারা বাঁধে কাজ করছে।’ মানববন্ধন: সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের প্রতিবাদে এবং দ্রুত সব হাওরে বাঁধের কাজ শেষ করার দাবিতে গতকাল দুপুরে সদর উপজেলার গজারিয়া বাঁধের ওপর মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় লোকজন। মানববন্ধন শেষে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম, স্থানীয় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক, স্বপনকুমার বর্মণ প্রমুখ।