সুনামগঞ্জে ত্রাণ পেল বন্যাদুর্গত ২০০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দুটি উপজেলার ১০টি গ্রামের ২০০ বন্যার্ত পরিবারের মধ্যে গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আর্থিক সহায়তায় এ ত্রাণ বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

ভারী বর্ষণ উপেক্ষা করে সুনামগঞ্জ শহর থেকে বন্ধুসভার সদস্যরা নৌকায় করে ত্রাণ নিয়ে যান বিশ্বম্ভরপুরের খরচার হাওর ও তাহিরপুরের আঙ্গারুলি হাওরপাড়ের বন্যাকবলিত এলাকায়। দিনভর ঘুরে ঘুরে বিশ্বম্ভরপুরের রায়পুর, লক্ষ্মীপুর, ফুলভরি, বাহাদুরপুর, ব্রজনাথপুর ও নয়াহাটি এবং তাহিরপুরের মাহমুদপুর, জামালপুর, সিফতনগর ও সুন্দরপুর গ্রামের ২০০ পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন তাঁরা। প্রতিটি পরিবারকে ছয় কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল ও এক কেজি লবণ দেওয়া হয়েছে।

ত্রাণ সহায়তা পেয়ে বিশ্বম্ভরপুরের লক্ষীপুর গ্রামের আছিয়া বেগম (৬০) বলেন, ‘বাবা রে, দুই দিন ধইরা পানির মাঝে বন্দী আছি। ঘরও কোনো খাওয়ন নাই। খেউ আইছে না। তোমরা খানি দিলাই। খুব খুশি অইছি।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থায়নে পর্যায়ক্রমে জেলার দিরাই, শাল্লা, ধরমপাশা ও জামালগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হবে।