সুনামগঞ্জে দুই দিনব্যাপী 'ধামাইল উৎসব'

সুনামগঞ্জে বৈষ্ণবকবি রাধারমণ দত্তের সৃষ্টি ধামাইল গান নিয়ে দুই দিনব্যাপী ‘ধামাইল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গত শুক্র ও শনিবার এই উৎসব হয়। আন্তর্জাতিক রাধারমণ পরিষদ এই উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা করে শিল্পকলা একাডেমি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গত শুক্রবার রাত আটটায় ওই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডি চৌধুরী অসিত। বক্তব্য দেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, লোকসংস্কৃতি গবেষক সুবাস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী দিনে ধামাইল গান পরিবেশন করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নবনাগরী ধামাইল সংঘ, ছাতক উপজেলা শিল্পকলা একাডেমি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি, শতদল শিল্পীগোষ্ঠী, বুলবুল সংগীত নিকেতন ও জেলা বাউলকল্যাণ সমিতি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাধারমণ দত্ত একাধারে কবি, সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন। ধামাইল গান তাঁর অনবদ্য সৃষ্টি। একজন ভাবুক কবি হিসেবে তিনি ধামাইল গানের মাধ্যমে গ্রামবাংলার জীবনচিত্রকে নিপুণভাবে তুলে ধরেছেন, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্টিকে ধরে রাখতে হবে।