সুনামগঞ্জে দুই দিনের লোক উৎসব শুরু
সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক-উৎসব। বিকেলে শাহ আবদুল করিমের গানে গানে উৎসবের উদ্বোধন করা হয়। ধলগ্রামবাসী আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শাহ নূরজালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, সহকারী পুলিশ সুপার গনিউজ্জামান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।উদ্বোধন শেষে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘আমি বাংলা মায়ের ছেলে’ ‘রঙের দুনিয়া তোরে চাই না’, ‘কেনে পিরিতি বাড়াইলে রে বন্ধু’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘তোমার পিরিতে বন্ধু কী হবে’, ‘তুমি বিনে আকুল পরান’, ‘দরদিয়া রে বন্ধু দরদিয়া রে’, ‘গাড়ি চলে না চলে না’সহ শাহ আবদুল করিমের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন বাউল রণেশ ঠাকুর, বশিরউদ্দিন সরকার, তোতা মিয়া, আনোয়ার রেজা, শাহরিয়ার হাসান, আকবর আলী, দিলীপ কুমার দাস, লাল শাহ, সৌরভ সোহেল, নজরুল ইসলাম, শরিফুল হাসান, তানজিনা হক, মনা পাগলা, ঝুমা রানী দাশ, জুঁই চক্রবর্তী, টুম্পা রানী দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউলসম্রাট শাহ আবদুল করিম জীবনভর সহজ-সরল ভাষায় সাধারণ মানুষের কথা বলে গেছেন। মানবতার কথা বলে গেছেন। তিনি ছিলেন সাম্প্রদায়িকতা ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। তাঁর জীবনদর্শন চর্চার মাধ্যমেই তাঁর মূল্যায়ন করতে হবে। এন এম জিয়াউল আলম বলেন, শাহ আবদুল করিম ছিলেন সাধারণ মানুষের বাউল। তাঁর অধিকাংশ গানেই খেটে খাওয়া মানুষের দুঃখ-দুর্দশার কথা ফুটে উঠেছে। আজ শনিবার বিকেলে আলোচনা ও গভীর রাত পর্যন্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশনের মধ্য দিযে উৎসব শেষ হবে। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।