সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমিজমা ও মামলাসংক্রান্ত বিরোধ নিয়ে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে তিনজন হয়েছেন গুলিবিদ্ধ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ঘুরাডুম্বর গ্রামের আফরোজ মিয়া ও আনোয়ার বেগের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও মামলা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। গুরুতর আহত কালা মিয়া, শওকত আলী, সুজন মিয়া, জমির উদ্দিন, সুহেল মিয়া, খয়ের মিয়া, বাখর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়জনকে ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আবদুল হাই বলেন, খবর পেয়ে গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।