সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৪
সুনামগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার রাতে শহরতলির অলির বাজারে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই ছিদ্দিক আলী বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে তারাবির নামাজ শেষে হাফেজদের হাদিয়া (টাকা) দেওয়া নিয়ে গ্রামের আবদুল মালেক ও আব্বাছ আলীর লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। গুরুতর আহত এখলাছুর রহমান (৩৫) ও শামিম আহমদকে (৩৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার সকালে এখলাছুর রহমানের মৃত্যু হয়।আবদুল মালেকের ছেলে তজম্মুল হোসেন বলেন, ‘আমরা হাফেজকে টাকা দিতে চাইলে আব্বাছ আলীর লোকজন বলে, আমরা নাকি একঘরে। আমাদের টাকা নেওয়া হবে না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।’ আব্বাছ আলী বলেন, ‘আমরা এ কথা বলিনি। এটা অন্য লোকজন বলেছে। কিন্তু পরে বাড়ি ফেরার সময় মালেকের লোকজন আমাদের ওপর হামলা চালায়।’