সুনামগঞ্জে দুই বন্ধুর 'যুগলবন্দী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যকাল থেকে বন্ধুত্ব। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে স্কুল ও কলেজে পড়া। একই সঙ্গে আবার গানের হাতেখড়ি। এখনো বন্ধুত্ব অটুট তাঁদের। গত বুধবারের বৃষ্টিমুখর সন্ধ্যায় গানে গানে ‘যুগলবন্দী’ ছিলেন এই দুই বন্ধু।
তাঁরা হলেন সুনামগঞ্জ শহরের পরিচিত মুখ দীপায়ন চৌধুরী ও অণীশ তালুকদার বাপ্পু। বুধবার সন্ধ্যায় এই দুই বন্ধুর গান নিয়ে ‘যুগলবন্দী’ আয়োজন ছিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। প্রায় তিন ঘণ্টা পুরোনো দিনের গান গেয়ে শ্রোতাদের মন ভরিয়ে দেন তাঁরা। সুনামগঞ্জের গানের সংগঠন ‘সারেগামা’ এই বৈঠকি গান ও আড্ডার আয়োজন করে।
দুই বন্ধুর ‘যুগলবন্দী’ শিরোনামের গানের আয়োজন উদ্বোধন হয় গানে গানেই। সুনামগঞ্জের জেলা প্রশাসক শুরু করেন ‘মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আলো...’ গান দিয়ে। এরপর মঞ্চে আসেন দীপায়ন চৌধুরী ও অণীশ তালুকদার। তাঁরা গেয়ে শোনান, ‘আমি আকাশকে বলেছি বৃষ্টি দাও...’, ‘তোমার সঙ্গে দেখা না হলে...’, ‘শোনো গো দখিনও হাওয়া...’, ‘ও চাঁদ সামলে রাখো জোছনা কে...’, বধূয়া আমার চোখে জল এনেছে হায়...’, ‘উচানও মন ঘরে রয় না...’, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ...’, ‘সে আমার ছোট বোন...’, ‘বিকেল হলেই তোমার কথা মনে পড়ে...’। শ্রোতাদের অনুরোধে তাঁরা আরও কিছু গান গেয়ে শোনান।
গানের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ত ম সালেহ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, সংগীতশিল্পী দেবদাস চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরী, আবৃত্তিশিল্পী রুনা লেইস, অভিনয়শিল্পী সামিনা চৌধুরী, অরুন তালুকদার প্রমুখ। পরে দীপায়ন চৌধুরী ও অণীশ তালুকদারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।