সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চাঞ্চল্যকর রুস্তুম হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহীম গতকাল বুধবার এই রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ইউসুফ আলী ও তাঁর ভাই আফিজ আলী, মন্তাজ আলী, ফজলু মিয়া ও গিয়াস উদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আছদ্দ আলী, আফছুছ মিয়া, ইন্তাজ আলী, তেরাব আলী, ছিদ্দিক মিয়া ও আখল মিয়া। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৬ সালের ১১ অক্টোবর বিকেলে উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের হুলিয়ারপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রুস্তুম আলী নিহত হন। ওই দিনই রুস্তুম আলীর চাচাতো ভাই মকদ্দুছ আলী ১৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।