সুনামগঞ্জে দুটি নির্বাচনী এলাকার সীমানা বদল
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদকে (ইউপি) আবারও সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে গত বৃহস্পতিবার বিষয়টি লিখিতভাবে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।নির্বাচন কমিশন ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপিকে সুনামগঞ্জ-৫ আসন থেকে বাদ দিয়ে সুনামগঞ্জ-৪ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এই ইউপিকে পুনরায় সুনামগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া।গত ৬ ফেব্রুয়ারি প্রশাসনিক সুবিধা, আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বিভাজনকে বিবেচনায় রেখে প্রত্যেক নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন সচিবালয় একটি খসড়া গেজেট প্রকাশ করে। এই তালিকায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপিকে আবারও সুনামগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত করা হয়। আগামী জাতীয় নির্বাচনে মান্নারগাঁও ইউপির প্রায় ১৭ হাজার ভোটার আবারও সুনামগঞ্জ-৫ আসনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও মান্নারগাঁও ইউপির চেয়ারম্যান মোহামঞ্চদ আলী খান জানান, মান্নারগাঁওকে সুনামগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত করায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দোয়ারাবাজারের ইউএনও কামরুজ্জামান গেজেটের খসড়া কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।