সুনামগঞ্জে দুটি বালুমহালে চাঁদাবাজি বন্ধে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বৃহৎ দুটি বালুমহালে বালু উত্তোলন বা টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ওই চিঠি দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদ বালুমহাল এবং তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী বালুমহালের ইজারার সময় শেষ হয়েছে।
বালুবোঝাই ও পাথরবোঝাই নৌযানের ভুক্তভোগী কয়েকজন শ্রমিক অভিযোগ করে জানান, ইজারার মেয়াদ শেষ হলেও ইজারাদারের লোকজন ধোপাজান নদ বালুমহাল থেকে এখনো টোল আদায় করছেন। বালুবোঝাই নৌযানগুলো টোল না দিলে এঁদের শ্রমিকদের নির্যাতন করা হয়। শুধু ইজারাদারের লোকজন নয়, এই দুই মহাল থেকে বিভিন্ন নামে বালু ও পাথরবোঝাই নৌকা, বাল্কহেড, কার্গো থেকে চাঁদায় আদায় করে কয়েকটি পক্ষ।
সুনামগঞ্জ বালু-পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, মেয়াদ শেষ হলেও ধোপাজান নদ বালুমহালে ইজারাদারের লোকজনের টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হয়নি। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। শুধু চাঁদাবাজি নয়, এখানে ব্যবসায়ী ও শ্রমিকদের নানাভাবে নির্যাতন করা হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই দুই বালুমহালে ‘চাঁদাবাজি’ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত বুধবার সুনামগঞ্জের পুলিশ সুপার, সুনামগঞ্জে বিজিবির ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, র্যা বের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেন।
তবে টোল আদায়ের অভিযোগ অস্বীকার করে ধোপাজান নদ বালুমহালের ইজারাদার মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার ইজারার মেয়াদ শেষ। আমরা এখন আর টোল আদায় করছি না। আমি নিজেও বলেছি, এখানে কেউ টোল আদায় বা চাঁদাবাজি করলে প্রশাসন, পুলিশ যেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ বলেন, ‘ধোপাজান নদ বালুমহালটি চলতি বছরে এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি। আমাদের কাছে অভিযোগ আছে, এখানে টোল আদায়ের নামে চাঁদাবাজি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ধোপাজান ও তাহিরপুরের ফাজিলপুর মহালে কেউ যাতে বালু-পাথর উত্তোলন না করতে পারে বা টোল আদায়ের নামে চাঁদাবাজি না করতে পারে, সে জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।’