সুনামগঞ্জে দোকানের জায়গা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বমভমিবাজারে একটি দোকানঘরের জায়গার মালিকানা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুটি গ্রামের লোকদের সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে। আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বমভমিবাজারের একটি অংশে দোকান-কোঠার নির্মাণকাজ শুরু করেন জালিয়া গ্রামের নুরুল ইসলাম। এ সময় জায়গাটি নুরুল ইসলামের নয় দাবি করে বাজার কমিটির পক্ষে ভাতগাঁও গ্রামের শাহীন মিয়াসহ কয়েকজন বাধা দেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে জালিয়া ও ভাতগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ছাতকের কৈতকপল্লি স্বাস্থ্যকেন্দ্র ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাতগাঁও গ্রামের ব্যবসায়ী শাহীন মিয়ার আত্মীয় মমিনুর রশিদ জানান, জালিয়া গ্রামের নুরুল ইসলাম বাজার কমিটির বাধা উপেক্ষা করে দোকানঘর করায় বাজার কমিটি ও ভাতগাঁও গ্রামবাসীর পক্ষে তাঁরা বাধা দেন। বাধা না মানায় সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে তাঁদের পক্ষের কমপক্ষে ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। বাজার কমিটির সাধারণ সম্পাদক জালিয়া গ্রামের ছমরু মিয়া জানান, নুরুল ইসলাম দাবি করেছেন, জায়গাটি তিনি কিনেছেন। কিন্তু বাজার কমিটি ও ভাতগাঁও গ্রামের কিছু লোক এটি নুরুল ইসলামের জায়গা নয় বলে ঘর বানাতে বাধা দিলেই সংঘর্ষ শুরু হয়। তিনি জানান, সংঘর্ষে জালিয়া গ্রামের ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আবদুল হাই জানান, বাজারে দোকানের জায়গার মালিকানা নিয়েই দুটি গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে দাঙ্গা মোতায়েন করা হয়েছে।