সুনামগঞ্জে নৌকা ডুবে বিজিবি সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পাটলাই নদীতে নৌকা ডুবে বিদর্শন বড়ুয়া (৪০) নামে বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের মীরেরশহর উপজেলার বৈদ্যেরপাড় গ্রামে।
গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।
সুনামগঞ্জ বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত এলাকা থেকে টহল শেষে শুক্রবার রাত আটটার দিকে বিজিবির চার সদস্য বালিয়াঘাট ক্যাম্পে ফিরছিলেন।
পথে পাটলাই নদীতে এসে একটি ছোট নৌকায় করে তাঁরা নদী পাড় হচ্ছিলেন। নৌকাটি মাঝনদীতে গিয়ে হঠাৎ ডুবে যায়। এ সময় বিজিবির অন্য সদস্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও বিদর্শন বড়ুয়া নিখোঁজ হন।
আধা ঘণ্টা পর বিজিবি সদস্য এবং স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে নদী থেকে অস্ত্রসহ তাঁর লাশ উদ্ধার করেন। বিজিবির বাকি তিন সদস্যের অস্ত্র গতকাল সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে বিদর্শন বড়ুয়ার লাশ তাঁর গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।