সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ বালু শ্রমিক নিহত
সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীতে গতকাল সোমবার ভোরে বালুবোঝাই একটি নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই বালুশ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবদুল মিয়ার ছেলে সামিউল ইসলাম (২৫), আবদুল কাইয়ুমের ছেলে ফয়েজ আহমদ (২৭) ও মানিক মিয়ার ছেলে জমির আলী (২৫)।
দুর্ঘটনার শিকার নৌকায় থাকা বালুশ্রমিক শরিফ উদ্দিন বলেন, তাঁরা ছয়জন গত রোববার সদর উপজেলার ডলুরা এলাকার নদী থেকে নৌকায় বালু তুলে নৌকা নিয়ে মল্লিকপুরের উদ্দেশে রওনা হন। মল্লিকপুর ঘাটে আসতে আসতে রাত হয়ে গেলে ঘাটে নৌকা বেঁধে তাঁরা ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটার দিকে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হন। সকাল ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এলাকাবাসীর সহায়তায় ডুবে যাওয়া তিনজনের লাশ উদ্ধার করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, লাশ তিনটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।