সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরে জেলার প্রধান বাস টার্মিনালের কার্যালয় দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় অবস্থিত বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে কাহার, তাজউদ্দিন, সাকিল, বোরহান, রাজা ও শফিককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকেই কার্যালয়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।