সুনামগঞ্জে পরীক্ষাকেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষাকেন্দ্র দেওয়ার দাবিতে গতকাল সোমবার শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।কলেজ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সরকারি কলেজে ২০০১ সাল থেকে চারটি বিষয়ে সম্মান কোর্স চালু আছে। এখনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষাকেন্দ্র থাকলেও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয় সিলেটে গিয়ে। ২১ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে।শিক্ষার্থীরা জানান, সিলেটে পরীক্ষা দিতে গিয়ে তাঁরা নানা সমস্যায় পড়েন। বিশেষ করে, ছাত্রীদের সমস্যা হয় বেশি। অভিভাবকদের সঙ্গে নিয়ে যেতে হয়। অনেক সময় থাকার জায়গা পাওয়া যায় না। এ জন্য শিক্ষার্থীরা আর্থিক সমস্যাসহ নানা ভোগান্তিতে পড়েন।কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম বলেন, সিলেটে গিয়ে পরীক্ষা দেওয়াটা আসলে শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের। শিক্ষার্থী এবং অভিভাবকেরা দাবি করেছেন সুনামগঞ্জে কেন্দ্র দেওয়ার জন্য। কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী জানান, শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠিয়ে দেবেন।