সুনামগঞ্জে পাউবোর নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওর অঞ্চলে আগাম বন্যা প্রতিরোধে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে গতকাল শুক্রবার এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।অবশ্য আবদুল হেকিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেছেন, ‘আমি এ রকম কোনো আদেশ পাইনি। তবে শুনেছি, হাওরের ফসলডুবির ঘটনা খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বেশি কিছু জানি না।’সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এবার অকালবন্যা ও পাহাড়ি ঢলে হাওরের প্রায় ৯০ শতাংশ বোরো তলিয়ে গেছে। জেলার শতাধিক হাওরে এবার দুই লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সাড়ে ছয় লাখ মেট্রিক টন। কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার একের পর এক হাওরের ফসল তলিয়ে যায়। সুনামগঞ্জে ফসল রক্ষায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জেলার ৩৭টি হাওরে বাঁধ নির্মাণের কাজ করে। এ জন্য বরাদ্দ ছিল প্রায় ১৫ কোটি টাকা। এ কাজ নিয়ে শুরু থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এর আগে গত ১৯ এপ্রিল আবদুল হেকিমকে তাত্ক্ষণিক বদলি করা হয়। পরদিন আবার এ আদেশ স্থগিত করা হয়।