সুনামগঞ্জে পানি কমতে শুরু করলেও বিপদ কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপ কমে যাওয়ায় এবং গত দুই দিন ধরে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের ধরমপাশায় বাঁধ এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। তবে কৃষকেরা এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না। তাঁরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে তাহিরপুরে বেড়িবাঁধ দুর্বল হয়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে কৃষকদের ফসল কাটতে পরামর্শ দেওয়া হয়েছে। ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিঞা বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজ (শুক্রবার) আবহাওয়ার অনেকটা উন্নতি হয়েছে। পাশাপাশি পানিও কমতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে বাঁধ ভেঙে হাওর তলিয়ে ফসলহানির বিপদ থেকে রক্ষা পাবে এলাকাবাসী।’ তবে গতকাল তাহিরপুরের নদীর পানি ছিল স্থিতিশীল। শনির হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন জানান, নদীর পানি কানায় কানায় পূর্ণ। কৃষকেরা পালা করে বেড়িবাঁধে কাজ করছেন। নদীর পানি না কমা পর্যন্ত হাওর বিপদমুক্ত করা যাচ্ছে না।